রাজধানীতে ডায়রিয়া বাড়ছে, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ
গরম বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ও এর আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষকেরা বলছেন, আগামী কয়েক দিনে ডায়রিয়ার প্রকোপ আরও বাড়তে পারে।আইসিডিডিআরবির মহাখালী কলেরা হাসপাতালে ১৮ ও ১৯ এপ্রিল যথাক্রমে ৪৯৫ ও ৫০০ ডায়রিয়ার রোগী ভর্তি হয়। কর্মরত চিকিৎসকেরা জানান, প্রতি ঘণ্টায় ২০ জন করে রোগী আসছে। রোগীর সংখ্যা বাড়তে পারে—এ আশঙ্কায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়ে রেখেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় হাসপাতালে কথা হয় মোহাম্মদপুর থেকে আসা এনামুল হকের এক আত্মীয়র সঙ্গে। মঙ্গলবার বিকেল থেকে এনামুলের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে এই হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের সামনে কিছুক্ষণ দাঁড়ালেই এ রকম রোগী আসতে দেখা যায়। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৮ ঘণ্টায় ৩৫৭ জন রোগী ভর্তি হয়।হাসপাতালের শর্ট স্টে ইউনিটের প্রধান আজহারুল ইসলাম খান বলেন, গত কয়েক বছরের তথ্যে দেখা যায়, মার্চ মাসের শেষ থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকে। এপ্রিল-মে মাসে সবচেয়ে বেশি ডায়রিয়া দেখা দেয়। কিন্তু এ বছর ব্যতিক্রম। তিনি বলেন, ‘ঢাকার পানির মান হঠাৎ ভালো হয়ে গেছে বলে ডায়রিয়া কম দেখা যাচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। আসলে আবহাওয়ার কারণে গরম কম পড়েছে, তাই ডায়রিয়াও কম।’ তিনি জানান, হাসপাতালে কিছু রোগী তীব্র ডায়রিয়া বা কলেরা নিয়ে ভর্তি হচ্ছে।বাড়তি রোগীর চাপ মোকাবিলার প্রস্তুতি চোখে পড়ে হাসপাতালে গেলে। অনেক শয্যা তৈরি আছে এবং প্রতিটির পাশে শিরায় দেওয়া স্যালাইনের ব্যাগ ঝুলছে। মূল হাসপাতালের সামনে বড় তাঁবু টানানো আছে। রোগী বাড়লে তাঁবুর নিচে শয্যা পাতা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে দেড় হাজার রোগীর চিকিৎসা দেওয়ার প্রস্তুতি তাদের আছে। আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী এস কে রায় প্রথম আলোকে বলেন, মানুষকে সচেতন করার উদ্যোগ নিতে হবে। খাওয়ার আগে হাত ভালো করে ধুতে হবে, বিশেষ করে শিশুদের হাত। খাবার পাত্র পরিষ্কার রাখতে হবে। বাসি খাবার খাওয়া যাবে না। তিনি বলেন, খাওয়ার পানি ফুটিয়ে ব্যবহার করতে হবে। ফোটাতে না পারলে ফিটকিরি ব্যবহার বা চার পর্দা পরিষ্কার কাপড়ে পানি ছেঁকে ব্যবহার করতে হবে। গরমের সময় রাস্তার পাশের খাবার নিরাপদ নয়।