রাজধানীতে ডেঙ্গু রোগী হাজার ছাড়িয়েছে
সরকারি হিসাব বলছে, রাজধানীতে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা গত পাঁচ বছরের রেকর্ড ছাড়িয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা এবার গত পাঁচ বছরের রেকর্ড অতিক্রম করেছে। সরকারি হিসাবেই গতকাল সোমবার পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার পাঁচজন রোগী আক্রান্ত হয়েছে, মারা গেছে অন্তত পাঁচজন।রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা-প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বৃষ্টি কমে এলে ডেঙ্গু রোগের প্রকোপ কমে আসবে।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ বলছে, ২০১০ সালের এই মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৪৯৫ জন; এ বছর আক্রান্ত হয়েছে এক হাজার পাঁচজন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা-প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিসংখ্যানে দেখা গেছে, ২০০৮ সালের আগস্টে ৪৭৩ জন আক্রান্ত হয়েছিল; এ বছর একই মাসে আক্রান্ত হয়েছে ৬৪৭ জন। গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে।মেডিসিন বিশেষজ্ঞ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক অনুপ কুমার সাহা জানান, প্রতিদিন তাঁর চেম্বারে আসা ৪০ জন রোগীর মধ্যে কমপক্ষে পাঁচ থেকে সাতজন ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে আসছে। তবে ডেঙ্গু আর এখন কোনো ভয়াবহ রোগ নয়। আর পাঁচটা সাধারণ জ্বরের মতোই এ রোগের চিকিৎ সাও সহজ।স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, শহর থেকে ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা যাবে না। কারণ, একবার পানি জমলে তা নিষ্কাশনের সুযোগ খুবই কম। কিন্তু রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাঁদের মতে, বর্ষা শুরুর আগেই ঢাকা সিটি করপোরেশন ব্যাপক ভিত্তিতে মশক নিধন কর্মসূচি চালু করলে মশার সংখ্যা কম হবে; নতুন মশাও যুক্ত হবে কম। একই সঙ্গে মানুষ যদি নিজ উদ্যোগে নিজেদের ঘরের ফুলের টবসহ যেসব জায়গায় পানি জমে সেগুলো পরিষ্কার রাখে, তাহলে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে।তবে ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, ডেঙ্গু মশা পরিষ্কার পানিতে জন্মায়। কাজেই মূল উদ্যোগ সাধারণ মানুষকেই নিতে হবে। নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। এ জায়গাগুলো সিটি করপোরেশনের আওতাভুক্ত নয়। তবে এ বছর বেশ আগেই সিটি করপোরেশন মশক নিধনের কাজ শুরু করেছিল বলে তিনি দাবি করেন।