রাজধানীতে ঢিলেঢালা হরতাল, চার নারী সাংসদ সন্ধ্যায় মুক্ত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে চারজন নারী সাংসদকে আটক করে পুলিশ। তবে সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আটক চার নারী সাংসদ সন্ধ্যায় মুক্ত

সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢুকতে গেলে চার নারী সাংসদকে বাধা দেয় সেখানকার কর্তব্যরত পুলিশ। পরে এই চার সাংসদ—আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম, শাম্মী আক্তার ও রেহানা আক্তার রানু রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েকজন নারী পুলিশ তাঁদের গাড়িতে তুলে নিয়ে যান। পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে স্কাউট ভবনের সামনে গাড়ি থেকে পড়ে যান সাংসদ শাম্মী আক্তার ও পুলিশ কনস্টেবল শামীমা আক্তার। এতে শামীমা আহত হন।ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল সূত্র প্রথম আলো ডটকমকে জানিয়েছিল, হরতাল শেষে এই চার নারী সাংসদকে ছেড়ে দেওয়া হতে পারে। সন্ধ্যা সাতটার দিকে ওই চার নারী সাংসদকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ডিএমপির গণসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন।

মতিঝিলে বাসে আগুন

বেলা ১১টার দিকে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা। বাসটি সাধারণ বীমা করপোরেশনের স্টাফ বাস। পরে স্থানীয় লোকজন আগুন নেভান।বাসের চালক খোকন জানান, সাধারণ বীমা করপোরেশনের কর্মচারীদের নামিয়ে সকাল পৌনে ১০টার দিকে গাড়িটি ওখানে রাখা হয়। তিনি ও অন্যরা পাশেই অবস্থান করছিলেন। হঠাত্ করে দেখেন গাড়িতে আগুন জ্বলছে। পরে অন্য গাড়ির কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানো হয়।

উত্তরায় বাসে আগুন

উত্তরা ১১ নম্বর সেক্টরে সকাল পৌনে আটটার দিকে একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতালের সমর্থকেরা। ঘটনার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

মিরপুরে ককটেল বিস্ফোরণ ও মিছিল

সকাল ১০টার দিকে আওয়ামী লীগের নেতা কামাল মজুমদারের নেতৃত্বে মিরপুর ১০ নম্বরে একটি হরতালবিরোধী মিছিল বের হয়। এদিকে, বেলা ১১টার দিকে মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টিতে পুলিশের গাড়িতে দুটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। তবে এ সময় গাড়িতে কেউ ছিল না বলে হতাহতের ঘটনা ঘটেনি।

বিএনপির কার্যালয় ঘিরে রাখে পুলিশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বরাবরের মতো আজকের হরতালেও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। দলের কয়েকজন নেতা-কর্মী নিচতলায় প্রবেশপথে অবস্থান করেন। সকাল থেকে কার্যালয়ের মূল ফটকের তালা খোলা থাকলেও সাড়ে নয়টার দিকে ভেতর থেকে তালা লাগিয়ে দেন দলের নেতা-কর্মীরা। কার্যালয়ের মূল ফটকের ভেতরে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গতকাল (বুধবার) রাতে বিএনপির চেয়ারপারসনের সভাপতিত্বে ১৮ দলীয় জোটের সভা হয়েছে। সেখানে ঘোষণা হয়েছে, আজকের (বৃহস্পতিবার) বিএনপির ডাকা হরতালটি ১৮ দলের হরতাল হিসেবে গণ্য হবে। সেভাবেই আজকের হরতাল হচ্ছে।এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনের জোনাকি সিনেমা হলের বিপরীত দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এ ছাড়া ১২টা ২০ মিনিটের দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের বিপরীত দিকে ভাসানী গলি থেকে হরতালের সমর্থনে ১০-১২ জন একটি মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

দূরপাল্লার বাস ছেড়ে যায়নি

হরতালে সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাবের সদস্য মোতায়েন ছিল রাজধানীর সড়কগুলোতে।অন্যান্য হরতালের মতো আজ সকাল থেকে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করেছে। তবে অন্যান্য দিনের চেয়ে গাড়ি কম দেখা গেছে। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি।