রাজধানীতে ঢিলেঢালা হরতাল, ভাঙচুর, আগুন
বিক্ষিপ্ত ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ধাওয়ার মধ্যে গতকাল মঙ্গলবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। বড় কোনো সহিংসতা ঘটেনি। জামায়াতে ইসলামী এই হরতালে সমর্থন দিলেও রাজপথে তাদের কোনো তৎপরতা ছিল না।জামায়াতের ডাকা গত বৃহস্পতিবারের হরতাল চলাকালে ‘গণহত্যার’ প্রতিবাদে বিএনপি গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হরতাল আহ্বান করেছিল। গতকাল সকাল ছয়টায় জামায়াতের টানা ৪৮ ঘণ্টা হরতাল শেষ হয়।গতকাল হরতালে রাজধানীর জনজীবন ছিল অনেকটাই স্বাভাবিক। প্রচুর বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করেছে। কিছু ব্যক্তিগত গাড়িও চলেছে। কিছু দোকানপাট খোলা ছিল। তবে ঢাকার তিনটি আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। যাত্রী কম হলেও ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। অভ্যন্তরীণ বিভিন্ন রুটে নির্ধারিত সময়ে বিমানও ছেড়ে গেছে। তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়নি। সরকারি অফিস ও ব্যাংক খোলা ছিল। নগরে হরতাল-সমর্থকদের তেমন তৎপরতা ছিল না।হরতাল চলাকালে বিভিন্ন স্থান থেকে পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্র জানায়, হরতালের সময় রাজধানীতে দুটি যান ভাঙচুর ও পাঁচটিতে অগ্নিসংযোগ করা হয়েছে।অবশ্য বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, হরতালকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-পুলিশ ও সরকারদলীয়দের হামলায় আহত হয়েছে ৪০০ জন। মামলা করা হয়েছে নয় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিল বিপুলসংখ্যক পুলিশ। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকসহ কয়েকজন নেতা কার্যালয়ের সামনে ফুটপাতে অবস্থান নেন। সকালে কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। রিজভী অভিযোগ করেন, পুলিশ গণতান্ত্রিক অধিকার হরণ করছে। তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে।আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকালও বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব-পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গুরুত্বপূর্ণ অন্য নেতাদের রাজপথে দেখা যায়নি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিকেলে গুলশানের বাসভবনে পরবর্তী করণীয় নিয়ে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।ভোর পাঁচটার দিকে কারওয়ান বাজারে একটি বাসে অগ্নিসংযোগের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির পিকেটিং। বিএনপি সূত্র জানায়, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও হরতালের সমর্থনে মিছিল করেছে। পুলিশ বলেছে, নয়াপল্টন, বাসাবো, সবুজবাগ, তেজগাঁও, গুলশান-১, ঢাকা বিশ্ববিদ্যালয়, মহাখালী, পুরান ঢাকা, ফার্মগেট, মিরপুর বাঙলা কলেজ, কাজীপাড়া এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-সমর্থকেরা। বিজয়নগরে ছাত্রদল মিছিল বের করলে পুলিশ ধাওয়া দেয়।ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ: হরতালের সমর্থনে সকাল সাড়ে ১০টার দিকে রায়সাহেব বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিলটি ধোলাইখালে গিয়ে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে টিপু সুলতান রোডে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ২০-২৫টি শেল ছোড়ে। এ ঘটনায় ছাত্রদলের পাঁচজন আহত হন।এর আগে সকাল ১০টার দিকে ঢাকা জেলা দায়রা জজ আদালত এলাকা থেকে সূত্রাপুর থানার পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন কর্মী সাদিকুর রহমান, শাহ জামাল ও পলাশ চৌধুরীকে আটক করে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ প্রথম আলোকে জানান, পুলিশ বিনা কারণে তাঁদের ওপর হামলা করেছে।