রাজধানীতে ঢিলেঢালা হরতাল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় আজ বুধবার জামায়াতে ইসলামীর ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। বেলা একটা পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।রাজধানীতে প্রধান সড়কসহ সব সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে অন্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম। দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। মতিঝিল ব্যাংকপাড়ায় জাতীয় বিদ্যুত্ শ্রমিক লীগ ও জাতীয় সড়ক পরিবহন ফেডারেশন এবং মিরপুরে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোকে হরতালবিরোধী মিছিল করতে দেখা গেছে।একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় দলটি।রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের পাশাপাশি গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে ১২ প্লাটুন বর্ডার গার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে।

ককটেল বিস্ফোরণ: রাজধানীর তোপখানা রোডে দুপুর আড়াইটার দিকে হোটেল ক্যাফে নিউইয়র্কের সামনের রাস্তায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পেড়ে। হোটেলটির দক্ষিণ পাশে বাংলাদেশ সচিবালয় অবস্থিত। আগারগাঁও: সকাল পৌনে ছয়টায় আগারগাঁওয়ের তালতলা এলাকায় কয়েকজন শিবিরকর্মী রাস্তায় টায়ারে আগুন জ্বালান। ওই সময় পুলিশের মিরপুর অঞ্চলের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ গাড়ি নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর গাড়ি থেকে নিরাপত্তা সদস্যরা নেমে দুজনকে আটক করে কাফরুল থানায় নিয়ে যান। এর মধ্যে একজন তেজগাঁও কলেজের ছাত্র বলে দাবি করেছেন। অন্যজনকে ছেড়ে দেওয়া হয়েছে।ইমতিয়াজ আহমেদ জানান, আটক একজনের বিরুদ্ধে মামলা করা হবে।যাত্রাবাড়ী, সানাড়পাড় ও ধানমন্ডি: সকাল সাতটার দিকে যাত্রাবাড়ীর দয়াগঞ্জে হরতালের সমর্থনে জামায়াতের কর্মীরা একটি মিছিল বের করেন। এরপর মিছিল থেকে একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায়।সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়ে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। তাঁরা এ সময় টায়ারে আগুন ধরিয়ে দেন এবং বিআরটিসির একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।ধানমন্ডির জিগাতলায় জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করে টেম্পো ভাঙচুর করেন। র‌্যাবের সদস্যরা সেখান থেকে চারজনকে আটক করেছেন।