রাজধানীতে ঢিলেঢালা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে গতকাল সোমবার ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের দু-একটি এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। নগরে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে ২০টি যানবাহনে ভাঙচুর ও দুটিতে অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছে ৯৫ জন। আটক করা হয়েছে ৭১ জনকে। গতকাল ছিল টানা দ্বিতীয় দিন সকাল-সন্ধ্যা হরতাল। এর আগে গত সপ্তাহের রবি থেকে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। গতকাল হরতাল শেষে আগামীকাল বুধবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি।হরতাল চলাকালে গতকাল আগের দিনের তুলনায় যানবাহন চলাচল বেড়েছে। এর পরও সকালে কর্মস্থলগামী মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচলও বেড়েছে। গণপরিবহনের চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। যাত্রীসংখ্যা ছিল কম। বেশির ভাগ দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। ব্যক্তিগত গাড়ি চলেছে কম। মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, সেখান থেকে দূরপাল্লার কিছু বাস ছেড়েছে। ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল ছিল স্বাভাবিক।রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। গত রোববার ককটেল বিস্ফোরণের ঘটনায় গতকাল সচিবালয় এলাকায় ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। কাঁটাতারের প্রতিবন্ধকতা দিয়ে সচিবালয়ের সামনের সব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পথচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। সচিবালয়ে প্রয়োজনীয় যেসব গাড়ি প্রবেশ করেছে, সেগুলোতে তল্লাশি করা হয়। সচিবালয়ের আশপাশে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গতকালও ছিল অবরুদ্ধ। নেতা-কর্মীদের উপস্থিতি ছিল খুবই কম। সকালে ওই কার্যালয়ের সামনে থেকে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হককে আটক করে পুলিশ। মামলার কারণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে যাননি। বিকেলে হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনেও তিনি ছিলেন না। তাঁর জন্য অপেক্ষা শেষে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৌনে ছয়টার দিকে সংবাদ ব্রিফিংয়ে বুধবার বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, বুধবারের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছিলেন, মির্জা ফখরুল পরবর্তী কর্মসূচি দেবেন।ব্রিফিংয়ে দাবি করা হয়, সারা দেশে গতকাল বিএনপির ১৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছে প্রায় ১৫০ জন। এর মধ্যে ঢাকা মহানগরে ৩৭ জনকে আটক করা হয়।বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ: সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের শেখের টেক প্রধান সড়ক থেকে বিএনপি-জামায়াতের একটি মিছিল বের হয়ে ১ নম্বর সড়কের দিকে যায়। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ওই মিছিলে অতর্কিতে মোটরসাইকেল ঢুকিয়ে দিলে ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীনসহ বেশ কয়েকজন আহত হন। আরিফুর রহমান নামে জামায়াতের এক কর্মীকে মারধর করে পুলিশে দেওয়া হয়।সকাল সাড়ে ছয়টার দিকে কাজলার ফাতেমা নাজ ফিলিং স্টেশনের কাছ থেকে শুরু হয়ে জামায়াতের একটি মিছিল যাত্রাবাড়ী মোড়ের কাছে গেলে তা ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ সেখান থেকে জহিরুল আলম, শরীফুল ইসলাম ও বোরহানুদ্দিন নামের তিনজনকে গ্রেপ্তার করে। প্রায় একই সময়ে মিরপুর ১০ নম্বরের গোলচত্বর এলাকায় জামায়াত মিছিল করে। দক্ষিণ বনশ্রী থেকেও একটি মিছিল বের হয়।তেজগাঁওয়ে বিএনপির কয়েকজন কর্মী মিছিল বের করলে সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ।বিএনপির সাংসদদের মিছিল: সকাল সাড়ে নয়টার দিকে বিএনপির ১১ জন সাংসদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় মিছিল করেন। তাঁরা মানিক মিয়া এভিনিউর দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় সাংসদদের সঙ্গে পুলিশের হালকা ধস্তাধস্তি হয়। পরে সংসদ ভবনে প্রবেশের মুখে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার বলেন, এখন মানুষের জীবন, সম্পদ ও সম্মানের কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা আছে শুধু শেখ হাসিনার স্তাবকদের। তিনি একটি বিদেশি পত্রিকায় প্রকাশিত ‘হত্যা মিশন’-সম্পর্কিত প্রতিবেদনের উল্লেখ করে দাবি করেন, সরকার এই মিশন বাস্তবায়ন করছে।বেলা পৌনে ১১টার দিকে সমাবেশ শেষে বিএনপির সাংসদেরা মানিক মিয়া এভিনিউর বকুলতলা গেটের দিকে যান। এ সময় তাঁরা যুব মহিলা লীগের একটি মিছিলের সামনে পড়েন। যুব মহিলা লীগের কর্মীরা হরতালের বিপক্ষে স্লোগান দিয়ে তাঁদের দিকে তেড়ে যান। তবে পুলিশ সাংসদদের মিছিলের সামনে বেষ্টনী দিয়ে রাখায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।বিএনপি-সমর্থক আইনজীবীরা উচ্চ ও নিম্ন আদালত এলাকায় হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেন।