রাজধানীতে তিনজনকে গুলি করে ২৫ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে-দুপুরে ব্যবসা প্রতিষ্ঠনে ঢুকে তিনজনকে গুলি করে ২৫ লাখ টাকা লুট করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার দুপুরে ঘটনার সময় সন্ত্রাসীরা দোকানের মালিকসহ তিনজনকে গুলি করে আহত করেছে। তাঁদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বেলা দুইটার দিকে সাত-আটজন দুর্বৃত্ত যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সরণির মেসার্স আবুল খায়ের ট্রেডার্স নামে পাইকারি মুদির দোকানে ঢুকে পিস্তল ও রিভলবার বের করে দোকানের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ক্যাশ থেকে ২৫ লাখ টাকা লুট করে। এ সময় দোকানের মালিক ও কর্মচারীরা চিত্কার দিলে দুর্বৃত্তরা দোকানের ভেতর এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে দোকানের মালিক আবুল খায়ের দুই ঊরুতে, তাঁর জামাতা আরশেদ আলী (২৮) ও দোকান কর্মচারী মকবুল হোসেন (২৫) ডান কনুইয়ে গুলিবিদ্ধ হন। খবর পেয়ে র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।হাসপাতালে দোকানের ব্যবস্থাপক ইসমাইল হোসেন জানান, দোকানে সাত-আটজন কর্মচারী থাকলেও অস্ত্রের ভয়ে কেউ কাছে যেতে সাহস পাননি। দুর্বৃত্তরা টাকা নিয়ে যাওয়ার সময় পর পর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। আশপাশের লোকজনও সাহায্যে এগিয়ে যেতে সাহস পায়নি। অস্ত্র উঁচিয়ে তারা পাশের গলি দিয়ে হেঁটে চলে যায়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আহত ব্যক্তিদের দাবি ২৫ লাখ টাকা লুট হয়েছে। ঘটনার পর থানা পুলিশের একাধিক দল লুট হওয়া টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।