রাজধানীতে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক পুলিশ নানা তত্পরতা চালালেও রোজার প্রথম দিন রাজধানী ঢাকা যানজটে স্থবির ছিল। ভাপসা গরমের সঙ্গে বাস-মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংকট নাগরিক ভোগান্তি বাড়িয়ে দেয়। যানজটে আটকে থাকা ঘরমুখো অনেক মানুষকে বাসে বা গাড়িতে বসেই ইফতার করতে হয়েছে। অনেকে ভিড়ের কারণে বাসে উঠতে না পারায় বাসস্ট্যান্ডেই ইফতার সারেন।সকালের দিকে রাস্তা কিছুটা ফাঁকা থাকলেও দুপুরের পর থেকেই রাজধানীর সব ব্যস্ত সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকা। বিকেলের দিকে বিভিন্ন রাস্তার মুখে, ফুটপাতে ও রাস্তায় ইফতার সামগ্রীর দোকান বসার কারণেও যানজট বেড়ে যায়। শাহবাগ মোড়ে ওমর ফারুক নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কল্যাণপুরের বাসে উঠতে পারছেন না। প্রতিটি বাসই যাত্রীতে ঠাসা। তিনি বলেন, যানজটের কারণে পুরান ঢাকার আগা সাদেক লেন থেকে রিকশায় আসতে তাঁর প্রায় দুই ঘণ্টা লেগেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রামপুরা, মালিবাগ, মৌচাক, শেওড়াপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, বাড্ডা, নবাবপুর রোড, যাত্রাবাড়ী, কলাবাগান ও সায়েন্স ল্যাবরেটরিসহ সব এলাকা যানজটে স্থবির হয়ে পড়ে। যানজট ছড়িয়ে পড়ে পাড়া-মহল্লা ও অলিগলিতেও।এদিকে যানজট কমাতে ট্রাফিক পুলিশ পুনরায় লেন মেনে যানবাহন চলাচলের নির্দেশনা দেয়। নগরের ১৩টি স্থানে লেন ব্যবস্থা চালু করলেও গাড়ির তীব্র চাপের কারণে লেন মানার কোনো লক্ষণ দেখা যায়নি।যানজটের সঙ্গে রাজধানীর আরেক সংকট গণপরিবহনের স্বল্পতা। অর্থাৎ বাস-মিনিবাস কম এবং সিএনজিচালিত অটোরিকশার দৌরাত্ম্যের কারণে রাজধানীর সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ে। লোকাল বাসগুলো বিকেলের পর ‘সিটিং সার্ভিস’ হয়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেককে বাসে বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বেলা ১২টা। সদরঘাট-গুলিস্তান সড়ক পুরোটাই যানে ঠাসা। সাড়ে তিনটায় অফিস ছুটির পর যান চলাচল প্রায় থেমেই যায়। এ সময় বাহাদুর শাহ পার্ক, সদরঘাটে বাস সংকট দেখা দেয়। ফলে ঘরমুখো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় সুযোগসন্ধানী বাস শ্রমিকেরা কৌশলে বাড়তি ভাড়া হাঁকতে শুরু করেন। যাত্রীর তুলনায় বাস কম থাকায় হুড়োহুড়ি শুরু হয়। বাসে উঠলেও ইংলিশ রোড, বংশাল, গুলিস্তান এলাকায় ভয়াবহ যানজটের কারণে সদরঘাট থেকে গুলিস্তান পৌঁছাতে দেড় ঘণ্টারও বেশি সময় লাগে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মাসুদ আলম বলেন, টমটমে (ঘোড়ার গাড়ি) সদরঘাট থেকে গুলিস্তানের ভাড়া ১০ টাকা। কিন্তু আজ (গতকাল) ১৫ টাকা নেওয়া হয়। বাসে সদরঘাট থেকে ফার্মগেট আসতে তিন ঘণ্টা সময় লেগেছে বলে ওই ছাত্র জানান।