রাজধানীতে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট
রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোডশেডিংয়ের পাশাপাশি দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানের বিদ্যুৎ চলে যাওয়া। আজ বেলা ১১টা ৩৪ মিনিটে সংশ্লিষ্ট সঞ্চালন লাইনে (গ্রিড) ত্রুটির কারণে ওসমানী মিলনায়তনের বিদ্যুৎ চলে যায়। পরে সেখানে জেনারেটর চালিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মনিপুরী পাড়া একটানা বিদ্যুৎবিহীন ছিল। ওই এলাকার উপকেন্দ্রের একটি ক্যাবলের ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত শাহবাগের গণজাগরণ মঞ্চসহ ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। এর ফলে স্বাধীনতা দিবস উপলক্ষে গণজাগরণ মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি হয়েছে।ঢাকা পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সূত্র জানায়, হোটেল রূপসী বাংলার বিতরণ লাইনে ত্রুটির কারণে ওই এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এছাড়া নগরীর প্রতিটি এলাকাতেই তিন থেকে চারবার এক ঘণ্টা করে লোডশেডিং হয়েছে।