রাজধানীতে দিনদুপুরে ঘরে ঢুকে গৃহবধূ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনদুপুরে বাসায় ঢুকে রিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও তাঁর পরিবারের সদস্যরা ধারণা করছেন, তাঁকে শ্বাসরোধের পর ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডেমরার সারুলিয়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, রিনা আক্তার সারুলিয়ার রেবেকা সরণি গরুর হাটসংলগ্ন সোনা মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। গতকাল বেলা আড়াইটার দিকে চার দুর্বৃত্ত দ্বিতীয় তলায় রিনা আক্তারের বাসায় ঢুকে পড়ে। দুর্বৃত্তরা বলতে থাকে পুলিশের তাড়া খেয়ে এখানে এসেছে, কিছুক্ষণের মধ্যে চলে যাবে। রিনা ও তাঁর স্বামী গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী মকবুল হোসেন তখন বাসায় ছিলেন না। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র বের করে বাড়ির অন্য সদস্যদের জিম্মি করে ভেতর থেকে সিটকিনি লাগিয়ে দেয়। এরপর রিনার মেয়ে মুক্তা (৭), ছোট বোন রুনা আক্তার (২৫), ভাই রাকিব (৯), রিনার ভাসুরের ছেলে আবির (১৮), মেজো বোন মিনা আক্তার (৩৩) ও খালা শেফালির (২২) হাত পা ও চোখ বেঁধে ফেলে। দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাঁদের হত্যার চেষ্টা করে। এ সময় রিনা বাইরে থেকে এসে বাসার কলবেল বাজালে দুর্বৃত্তরা দরজা খুলে দেয়। তিনি দেখেন বাসার শিশুদের শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হচ্ছে। তিনি তাঁর ভাই-বোনদের ছেড়ে দেওয়ার আকুতি জানালে দুর্বৃত্তরা জানতে চায় বিনিময়ে কী দেওয়া হবে। একপর্যায়ে তাঁরা রিনার গলায় চাপাতি ঠেকিয়ে পাশের কক্ষে নিয়ে যায়। পরে তাঁরা একটি মাটির ব্যাংক ভেঙে টাকা, পাঁচটি মুঠোফোন, দুটি ঘড়ি ও বাসার আলমারি থেকে অলংকার লুট করে নিয়ে যায়।দুর্বৃত্তরা সবার হাত-পা বাঁধলেও মিনার চার বছরের মেয়ে মারিয়াকে বাঁধেনি। পরে মারিয়া সবার বাঁধন খুলে দেয়। এরপর তাঁরা পাশের কক্ষের মেঝেতে রিনার গলায় ওড়না পেঁচানো ও বুকে ছুরিকাহত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে রিনার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করলে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর বুকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শী শেফালি জানান, তিনি ও তাঁর বোনের মেয়ে রিনা দ্বিতীয় তলায় তিন কক্ষ নিয়ে ভাড়া থাকেন। তাঁর স্বামী বাবু রহমান ও রিনার স্বামী মনির হোসেন ওরফে মকবুল একসঙ্গে গার্মেন্টসের ঝুট ব্যবসা করতেন। তাঁর বোনের মেয়ে ও তাঁদের সন্তানেরা এ বাসায় কয়েক দিন আগে বেড়াতে এসেছে। গতকাল বেলা সোয়া দুইটার দিকে রিনা বাসা থেকে নিচে নামার পরপরই দুর্বৃত্তরা দরজা খোলা পেয়ে বাসায় ঢোকে। রিনা বাসায় ঢুকতেই দুর্বৃত্তরা তাঁর গলায় চাপাতি ঠেকিয়ে জানতে চায়, ‘এটা কার বাসা, মুক্তার মা কে, মনির হোসেন কোথায়।’ দুর্বৃত্তদের এসব প্রশ্নের জবাব দিতে দিতে রিনা বলেন, ‘আপনারা বাসার সবকিছু নিয়ে যান, সবাইকে ছেড়ে দেন।’ এরপর দুর্বৃত্তরা বাসার একটি লুঙ্গি ছিঁড়ে রিনার হাত ও মুখ বেঁধে পাশের কক্ষে নিয়ে যায়। মুখ বাঁধা থাকায় তারা কেউ চিৎকার করতে পারছিলেন না।রিনার বাসার পাশের দুটি ফ্লাটের বাসিন্দারা জানান, তাঁরা কোনো শব্দ পাননি। নিচতলার বাসিন্দা কাজল বেগম জানান, তাঁর সঙ্গে রিনার সুসম্পর্ক ছিল। দুপুর দুইটার দিকে রিনা তাঁর বাসায় এসে কয়েক মিনিট থাকার পর জোহরের নামাজ পড়ার কথা বলে বাসায় যান।শেফালি জানান, তাঁর ধারণা এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। রিনার স্বামীর সঙ্গে গার্মেন্টসের ঝুট ব্যবসার বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়রাও একই রকম ধারণা করছে।ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন জানান, ঘটনাটি রহস্যজনক। পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ডাকাতি হলে মানুষ খুন হতো না। মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।