রাজধানীতে দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনায় ২ জন আহত
রাজধানীতে আজ বৃহস্পতিবার দিনের বেলায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ব্যক্তি ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন।প্রথম ঘটনাটি ঘটে মহাখালীতে বেলা সাড়ে ১১টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাখালী কলেরা হাসপাতালের কাছে একটি বাসের কাউন্টারে এসে কয়েকজন যুবক কাউন্টার ম্যানের কাছে টাকা দাবি করে। এ সময় তাঁরা কাউন্টার ম্যানের ঘাড়ে কোপ দিয়ে তাঁর কাছ থেকে প্রায় তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কাউন্টার ম্যান মনির হোসেন (২৫) গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদিকে, মিরপুরের শাহ আলী থানার কাছে আজ সকালে একটি বেসরকারি ব্যাংক থেকে প্রায় চার লাখ টাকা তুলে রিকশায় করে নিজের বাসায় যাওয়ার সময় ছিনতাইকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন সুমন (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসী যুবক। দুর্বৃত্তরা তাঁর ডান পায়ে দুটি ও ডান পাঁজরে একটি গুলি করে পালিয়ে যায়।