রাজধানীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগের পূর্ব রায়েরবাজার এলাকা থেকে আজ সোমবার দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে যাত্রাবাড়ী থানার গোবিন্দপুর এলাকায় সোনিয়া আক্তার (২৫) এবং রায়েববাজার থেকে ঊর্মি আক্তার (২০) নামে ওই দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।সোনিয়ার বাবা হামিদুল হক অভিযোগ করেন, কিছুদিন আগেও সোনিয়ার স্বামীকে নগদ টাকা দেওয়া হয়েছে। চার-পাঁচ দিন আগে ৩৩ হাজার টাকা দামের একটি ফ্রিজ দেওয়া হয়। এরপর আবার তাঁর স্বামী এক লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য সোনিয়াকে চাপ প্রয়োগ করে আসছিলেন। তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যার পর লাশটি ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।সোনিয়ার আত্মীয় সাঈদ হোসেন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা খবর পান, সোনিয়া মারা গেছেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে একটি খাটের ওপর সোনিয়াকে শায়িত অবস্থায় দেখেন। বাড়ির লোকজন তাঁকে জানিয়েছে, সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু তাঁর গলায় কোনো ফাঁসির চিহ্ন পাওয়া যায়নি বলে জানান।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, সোনিয়ার স্বামী মোহাম্মদ আলী হিমালয় পরিবহন নামক একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি বলেন, সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় হত্যার কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।এদিকে সকাল সোয়া সাতটার দিকে পূর্ব রায়েরবাজার এলাকার একটি বাড়ি থেকে ঊর্মির লাশ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।জানা গেছে, গৃহবধূ ঊর্মির স্বামী জাহাঙ্গীর আলম নৈশপ্রহরীর কাজ করেন। ঊর্মি তাঁর বাবা ইউসূফ আলীর সঙ্গে তাঁদের গ্রামের বাড়ি দিনাজপুরে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে বাড়িতে নিয়ে যাননি ইউসূফ আলী। এই অভিমানে ঊর্মি ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। আশপাশের লোকজন ঊর্মিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাঁকে নামিয়ে আনে। তবে ততক্ষণে মৃত্যু হয় ঊর্মির।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গৃহবধূ ঊর্মির মৃত্যুর ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ নির্ণয় হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।