রাজধানীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার
রাজধানীর রমনা ও খিলগাঁও এলাকা থেকে আজ মঙ্গলবার পুলিশ দুইজন গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তাঁরা হলেন লাইলি আক্তার (১৯) ও সাথী আক্তার (৩৫)।জানা গেছে, লাইলি রমনার মীরবাগের টিনশেডের একটি বাড়িতে স্বামীসহ থাকতেন। তিনি রামপুরার হাজীপাড়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। আজ সকাল ছয়টার দিকে পাশেই থাকা একজন সহকর্মী লাইলিকে ডাকতে আসেন। ওই সময় লাইলির কক্ষ বাইরে থেকে আটকানো ছিল। পরে ওই সহকর্মী দরজা খুলে খাটের ওপর লাইলিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসেন। রমনা পুলিশ দুপুর একটার দিকে লাইলির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ জানান, লাইলিকে তাঁর স্বামী মিজানুর রহমান শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।লাইলির পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়া করত। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ ছাড়া লাইলির বেতন পুরোটাই নিয়ে যাওয়ার চেষ্টা করতেন মিজান। এ নিয়েও তাঁদের মধ্যে নিয়মিত ঝগড়া হতো। মিজান উত্তর বাড্ডায় একটি গার্মেন্টসে চাকরি করেন।এদিকে আজ সকাল সাড়ে সাতটার দিকে খিলগাঁও থানা পুলিশ দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে সাথী আক্তার নামে একজন গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, সাথীকে তাঁর স্বামী শামীম হত্যা করে পালিয়ে গেছে।