রাজধানীতে দুই ঘটনায় ৩২ লাখ টাকা ছিনতাই, গুলিতে একজন নিহত
রাজধানীতে গতকাল রোববার দুটি ঘটনায় প্রায় ৩২ লাখ টাকা ছিনতাই হয়েছে। এর মধ্যে মধ্যবাড্ডায় চালের আড়তের ব্যবস্থাপক শামসুল ইসলামকে (৫০) গুলি করে সাড়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে তিনি হাসপাতালে মারা যান। পুরান ঢাকার গেন্ডারিয়ায় অপর ঘটনায় প্রায় ২০ লাখ টাকা ছিনতাই হয়েছে। সেখানে ছিনতাইকারীর গুলিতে আহত হন পরিবহন ব্যবসায়ী আবদুল হক (৪৫)।এদিকে ভোরে উত্তর বাড্ডায় সোহাগ (২৮) নামের এক যুবককে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উত্তর বাড্ডার মেসার্স সাতারকুল রাইস এজেন্সি নামের চালের আড়তের ব্যবস্থাপক শামসুল ইসলাম, দুই কর্মচারী আবদুল জলিল ও শওকত আলী বেলা একটার দিকে সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে দুই রিকশায় করে ইসলামী ব্যাংকের মধ্যবাড্ডা শাখায় যাচ্ছিলেন। মধ্যবাড্ডা কাঁচাবাজারের কাছে সাত-আটজন ছিনতাইকারী অস্ত্রের মুখে ওই দুই রিকশার গতি রোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা সামনের রিকশায় থাকা শামসুলের পেটে গুলি করে তাঁর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ভর্তি কাপড়ের ব্যাগ ছিনিয়ে নেয়। পেছনের রিকশায় থাকা জলিল ও শওকত ধাওয়া করে ছিনতাইকারী আলমগীর হোসেন (২৭), জামাল হোসেন (৩৫) ও সালেক সরকারকে (২৫) জাপটে ধরে ফেলেন। উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে অপর ছিনতাইকারীরা ওই টাকা নিয়ে পালিয়ে যায়। আটক তিন ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে বাড্ডা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। গুলিবিদ্ধ শামসুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেল চারটার দিকে তিনি মারা যান।মেসার্স সাতারকুল রাইস এজেন্সির মালিক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, নিহত শামসুল ইসলাম তাঁর মামা ও আড়তের ব্যবস্থাপক। তাঁর মামা ও দুই কর্মচারী চাল বিক্রির টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। ছিনতাইকারীরা মামাকে গুলি করে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে গেলেও দুই কর্মচারীর কাছে থাকা চার লাখ টাকা নিতে পারেনি। তিনি জানান, তাঁর মামার চার মেয়ে ও এক ছেলে আছে। তিনি বাড্ডার বেরাইদের স্থায়ী বাসিন্দা।বিকেলে শামসুলের মৃত্যুর খবর উত্তর বাড্ডায় ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসেন। তাঁরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বাড্ডা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন ভূঁইয়া দাবি করেন, পুরো সাড়ে ১৬ লাখ টাকা ছিনতাই হলেও ধরা পড়া ছিনতাইকারী জামাল হোসেনের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা পুলিশ উদ্ধার করেছে। তিনি জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।২০ লাখ টাকা ছিনতাই: সূত্র জানায়, দুপুরে গেন্ডারিয়ার ডিস্ট্রিলারি রোডে সিটি মিলের পেছনের গলিতে তিন ছিনতাইকারী পিস্তলের মুখে পরিবহন ব্যবসায়ী আবদুল হক ও তাঁর ভাগনে রুমির পথ রোধ করে। তারা রুমির কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আবদুল হক বাধা দেন। ছিনতাইকারীরা আবদুল হকের বুকের ডান পাশে গুলি করে রুমির কাছ থেকে প্রায় ২০ লাখ টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আবদুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আবদুল হকের ছোট ভাই মো. শরীফ প্রথম আলোকে জানান, ওই টাকা তাঁদের ভাগনে রুমির। টাকাগুলো একটি ব্যাংকের দয়াগঞ্জ শাখায় জমা দিতে তাঁর ভাই রুমির সঙ্গে যাচ্ছিলেন।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, রুমির ভাষ্য অনুযায়ী, ওই ব্যাগে ১৯ লাখ ১৩ হাজার টাকা ছিল। এর সঙ্গে জড়িত অভিযোগে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কুপিয়ে টাকা-মুঠোফোন ছিনতাই: উত্তর বাড্ডায় ভোর পাঁচটার দিকে সোহাগকে তাঁর বাসার সামনে তিন-চারজন ছিনতাইকারী চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।