রাজধানীতে দুই পোশাকশ্রমিক নেতা গ্রেপ্তার
দুই পোশাকশ্রমিক নেতা বাবুল আকতার ও কল্পনা আক্তারকে গতকাল শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।জানা গেছে, গত ৩০ জুলাই তেজগাঁও, মহাখালী, গুলশানসহ বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর ও আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে বাবুল ও কল্পনাকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা বাবুল আকতার বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি নামের একটি শ্রমিক সংগঠনের পরিচালক এবং কল্পনা আক্তার ওই সংগঠনের মহাসচিব। তৈরি পোশাক কারখানায় অসন্তোষের পেছনে এঁদের ইন্ধন আছে।৩০ জুলাইয়ের ঘটনায় দুই থানায় মোট চারটি মামলা হয়। পুলিশ জানায়, এসব মামলায় ৯ আগস্ট বিএনপি-সমর্থিত শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি হাজি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই দিন ছয় নারী পোশাকশ্রমিককেও গ্রেপ্তার করা হয়। ওই ছয়জন সিপিবি-সমর্থিত গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি গ্রেপ্তার হওয়া মন্টু ঘোষের স্থানীয় প্রতিনিধি।প্রসঙ্গত, ৩০ জুলাই তেজগাঁও শিল্পাঞ্চল থেকে বনানীর চেয়ারম্যানবাড়ি পর্যন্ত এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং তেজগাঁও, মহাখালী, গুলশানের বিপণিবিতান, ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় ২০০ স্থাপনা ও যানবাহন ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয় এবং সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করে।