রাজধানীতে দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকা থেকে পৃথক অপমৃত্যুর ঘটনায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানাধীন আশরাফনগর এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলো অনলাইনকে জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে আশরাফনগর এলাকার একটি ডোবার কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই ব্যক্তিতে ১০-১২ দিন আগেই হত্যা করে ডোবার কাছে ফেলে রাখা হয়েছে। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় লাশ শনাক্ত করা যাচ্ছে না। তবে, নিহতের বয়স ৪০-এর কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।এদিকে রামপুরা এলাকার একটি বাসা থেকে গতকাল বুধবার মধ্যরাতে নাসরিন আক্তার ওরফে নাজু (১৭) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নাসরিন তাঁর মা-বাবার সঙ্গে রামপুরার একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল রাতে বাসার চার তলার শোয়ার ঘরের দরজা ভেঙে ওড়না প্যাঁচানো অবস্থায় নাসরিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, প্রেমে ব্যর্থ হয়ে নাসরিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। দুটি লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।