রাজধানীতে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় গত রোববার রাতে পুলিশ দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। নিহত যুবকেরা হলেন ইমরান হোসেন (২৫) ও মামুন হোসেন (২৬)। এর মধ্যে ইমরান হোসেন আত্মহত্যা করেছেন বলে পুলিশের সন্দেহ।পুলিশ সূত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানার পুলিশ মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকের ১০ নম্বর সড়কের ১৪৯/৫০ নম্বর ভাড়া বাসা থেকে ইমরান হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত ইমরানের বাবা আসগর আলী মর্গে সাংবাদিকদের বলেন, তিনি তাঁর পুত্রবধূর কাছে শুনেছেন, ইমরান হোসেন রোববার রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরেন। এরপর নিজেই রিভলবার মাথায় ঠেকিয়ে গুলি করলে তিনি ঘটনাস্থলে মারা যান।পরিবারের সদস্যরা জানায়, ইমরান হোসেন আগে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিন মাস হলো ইমরান বিয়ে করেছেন। এরপর তিনি কাজ ছেড়ে দেন। তিনি মাদক সেবন করতেন এবং বিভিন্ন সন্ত্রাসী তত্পরতায় জড়িত ছিলেন। গতকাল তাঁকে কে বা কারা একটি রিভলবার রাখতে দেয়।পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে জানান, গুলির সময় নিহত ইমরানের স্ত্রী বাথরুমে গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। মরদেহের পাশ থেকে একটি রিভলবার উদ্ধার হয়েছে। এই রিভলবারটি অবৈধভাবে নিজের কাছে রাখছিলেন ইমরান। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটা আত্মহত্যা বা দুর্ঘটনা হতে পারে।এ দিকে রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে দক্ষিণ শ্যাওড়াপাড়ার ৬৭৫/এ হোল্ডিংয়ের সামনে থেকে মামুন হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মামুন কারওয়ানবাজারে সাইনবোর্ড লিখতেন। তিনি ৪৩৮ শ্যাওড়াপাড়ার বাসায় ভাড়া থাকতেন।পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জের ধরে মামুনকে হত্যা করা হতে পারে।