রাজধানীতে দুজন নারীর অপমৃত্যু
রাজধানীতে গতকাল মঙ্গলবার রাতে দুজন নারীর অপমৃত্যু হয়েছে। তাঁরা হলেন গৃহবধূ নাহিদা আক্তার (২১) ও গার্মেন্টস কর্মী রীনা বেগম (২২)। পুলিশ জানায়, গতকাল রাত নয়টার দিকে বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার বাসিন্দা মাসুদ পারভেজের সঙ্গে তাঁর স্ত্রী নাহিদার ঝগড়া হয়। পরে নাহিদা দরজা বন্ধ করে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। বাসার লোকজন জানালা দিয়ে ফ্যানের সঙ্গে নাহিদাকে ঝুলতে দেখে বাড্ডা থানায় খবর দেয়। বাড্ডা থানার পুলিশ রাত ১২টার দিকে দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ নাহিদার লেখা একটি চিরকুট জব্দ করেছে যাতে লেখা ‘আমার কারও প্রয়োজন নেই’। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরেই নাহিদা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন।অপর ঘটনায় রীনা নামের ওই গার্মেন্টস কর্মী রাত ১০টার দিকে গার্মেন্টস থেকে পল্লবীর সুজানগর বস্তিতে ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে গোঙানির শব্দ পেয়ে পাশের ঘরের বাসিন্দারা বেড়ার ফাঁক দিয়ে ঘরের আড়ার সঙ্গে তাঁকে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পল্লবী থানার পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন ঘটনাটি আত্মহত্যার।