রাজধানীতে দুটি অপমৃত্যু: গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যা, স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় গতকাল শনিবার রাত ১২টার দিকে এক গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত গৃহবধূর নাম রেহানা আক্তার শিউলি (৪০)। ১৯৫ দক্ষিণ বনশ্রী, ব্লক-ই, সড়ক-৪-এর বাসিন্দা এ গৃহবধূ তিন ছেলে ও এক মেয়ের মা। এ ঘটনায় রেহানা আক্তারের স্বামী আলমগীর হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে খিলগাঁও পুলিশ।অন্যদিকে একই দিন রাত ১০টার দিকে পোস্তগোলা আর কে চৌধুরী ইউসেপ স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তার নাম সোনিয়া আক্তার (১৩)। তার বাড়ি ২৬৭ দেওয়ানপাড়া, দক্ষিণ যাত্রাবাড়ী। মৃত গৃহবধূ রেহানার পরিবারের সদস্যরা জানান, রেহানার স্বামী কয়েক বছর আগে গোপনে অারেকটি বিয়ে করে। তাঁর স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী পুরান ঢাকার কোথাও থাকে—এমন খবর রেহানা পান তিন বছর আগে। তখন থেকেই তাঁদের পারিবারিক কলহ শুরু হয়। আলমগীর প্রতি রাতেই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানদের মারধর করত। গতকাল শনিবার রাতে রেহানা আক্তারকে তাঁর স্বামী মারধর না করলেও তিনি তাঁর স্বামীর উপস্থিতিতে হঠাত্ বমি করা শুরু করেন। এ সময় রেহানা তাঁর ছেলেদের তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। ছেলেরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।রেহানার ভাই আলী আশরাফ অভিযোগ করেন, আলমগীরের বোন ও ভগ্নিপতি সারোয়ার জাহানের যোগসাজশে আলমগীর রেহানাকে বিষ প্রয়োগে হত্যা করেছে।রেহানার মেঝো ছেলে মহিউদ্দিন জানান, তাঁদের বাবা আলমগীর প্রায়ই মা রেহানাকে তাঁদের সামনেই মারধর করত। তাঁরও ধারণা, বিষ প্রয়োগেই তাঁদের মাকে হত্যা করা হয়েছে।এ ব্যাপারে রেহানার ভাই খিলগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।এদিকে মৃত সোনিয়ার বাবা দুলাল কবিরাজ জানান, গতকাল শনিবার রাতে সোনিয়াকে পড়াশোনার ব্যাপারে বকাঝকা করা হয়। এরপরই সে নিজের ঘরের দরজা বন্ধ করে ইঁদুর মারার বিষপান করে। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত দুইটার দিকে সোনিয়া মারা যায়। এ ব্যাপারে পোস্তগোলা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।