রাজধানীতে দুটি বাসের সংঘর্ষে নিহত ২ (ভিডিও)
রাজধানী ঢাকার বিজয় সরণি এলাকায় আজ শুক্রবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক সাদেকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সাতটার দিকে রাজধানীর বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিং এলাকায় হানিফ ও শিকড় পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা গেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। এঁদের মধ্যে নারীর পরিচয় পাওয়া গেছে। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, নিহত নারীর নাম আকলিমা হক (৩৫)। তিনি মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি শরিয়তপুর জেলার সখিপুরে। আকলিমার ভগ্নিপতি মানিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আকলিমা হকের লাশ শনাক্ত করেছেন। নিহত পুরুষের (৫৫) নাম-পরিচয় জানা এখনো জানা যায়নি।দুর্ঘটনার পর দুটি বাসের চালকই পালিয়ে গেছেন। বাস দুটিকে শেরেবাংলা নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।