রাজধানীতে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে নারী ও পুরুষের দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার রাতে মহাখালী ফ্লাইওভার থেকে জেসমিন সুলতানা (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ। পুলিশ জানায়, গতকাল রাতে মহাখালী ফ্লাইওভার থেকে মৃত অবস্থায় উদ্ধার করা জেসমিন সুলতানা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও এর চালক এরফান আহমেদকে (৩০) আহত অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁকে চিকিত্সা দেওয়া হচ্ছে। জেসমিন সুলতানা আজিমপুর পরিবার পরিকল্পনা অফিসে চাকরি করতেন। আজ সকালে টাঙ্গাইলে গ্রামের বাড়িতে জেসমিনের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।এ ব্যাপারে বনানী থানার উপপরির্দশক (এসআই) নাসিরুজ্জামান কবির জানান, ফ্লাইওভারে ওঠার মুখে পাঁচ-ছয় গজ ভেতরে জেসমিনের লাশ পড়েছিল। তাঁর কপালের বাঁ পাশে ক্ষত চিহ্ন ছিল। মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-ল-১৯-৯৬৫২) ধাক্কায় প্রচুর রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা। এসআই কবির আরও জানান, মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হবে।আজ সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পল্টন থানার পুলিশ। এসআই ইদ্রিস আলী জানান, গেটের পাশের সিঁড়িতে সম্ভবত তিনি ঘুমিয়েছিলেন। সিঁড়িতে থেকে পড়ে তাঁর মৃত্যু হতে পারে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।