রাজধানীতে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু, এক ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে একটি পিকআপ ভ্যানের চাপায় আজ শুক্রবার মোস্তাফিজুর রহমান (২৫) নামে এক ছাত্র মারা গেছেন। তিনি ধানমন্ডি ৩/এ নম্বর সড়কের বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে পানিবাহিত একটি পিকআপ ভ্যান মোস্তাফিজুরকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।মোস্তাফিজুরের মৃত্যুর খবর সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়লে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির দুই শতাধিক শিক্ষার্থী চারটার দিকে ল্যাবএইডের সামনের সড়কে গতিরোধক বসানো ও উড়াল সেতু স্থাপনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তারের দাবিও জানান। তাঁরা ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে রাখেন। এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। ধানমন্ডি থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ শিকদার প্রথম আলোকে বলেন, ঘণ্টাব্যাপী এই অরাজক অবস্থা চলার পর ধানমন্ডি থানার পুলিশ স্থানীয় সাংসদের মাধ্যমে তাঁদের দুই দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।শিক্ষার্থীরা জানান, ঈদের ছুটি শেষে মোস্তাফিজুর গ্রামের বাড়ি নীলফামারী থেকে আজ সকালে ঢাকায় ফেরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ৩/এ সড়কে ক্লাসে অংশ নিয়ে ল্যাবএইড হাসপাতালের পাশে বিশ্ববিদ্যালয়ের আরেকটি শাখা মেহের প্লাজায় ব্যবহারিক ক্লাসে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। মোস্তাফিজুর ধানমন্ডিতে একটি মেসে ভাড়া থাকতেন। তাঁর মা-বাবা গ্রামের বাড়িতে থাকেন। সন্ধ্যার পর মোস্তাফিজুরের লাশ নিয়ে গ্রামের বাড়িতে রওনা হয়েছেন স্বজন ও সহপাঠীরা।