রাজধানীতে দেয়ালচাপায় এক শ্রমিকের মৃত্যু
রাজধানীর কাঁটাবনে দেয়ালচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. দুলাল (২২)। আজ রোববার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মনিরুল নামে অপর এক শ্রমিক আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল চারটার দিকে ২৭৮/১ এলিফ্যান্ট রোডের (কাঁটাবন) একটি নির্মাণাধীন নয়তলা ভবনের পেছনের দেয়ালের ওপরের অংশের ঢালাই খুলে শ্রমিকদের ওপর পড়ে। এতে মনিরুল আহত হন এবং দুলাল চাপা পড়েন। প্রত্যক্ষদর্শী জাহিদার জানান, দেয়ালের ওপরে গ্রিল গাঁথা ও পানি নিষ্কাশনের জন্য কংক্রিট দিয়ে দুই-তিন দিন আগে ঢালাই দেওয়া হয়। আজ দুলালসহ তিন শ্রমিক দেয়াল প্লাস্টার করছিলেন। আর অন্যপাশে মজিবুর নামে আরেকজন শ্রমিক ঢালাইয়ের বাঁশ খুলছিলেন। এ সময় ঢালাই খুলে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে। দুলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।