রাজধানীতে দৈনিক ৭০ জনকে কুকুরে কামড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে কুকুরের কামড়ে আহত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। এক হিসাবে দেখা যাচ্ছে, কুকুরের কামড়ে আহত হয়ে দিনে গড়ে ৭০ জন হাসপাতালে আসছে। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কর্মসূচিকে অসফল বলছেন খোদ ডিসিসির কয়েকজন কর্মকর্তা।রাজধানী ও এর আশপাশে যত মানুষকে কুকুরে কামড়ায়, তাদের বড় অংশটি মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকি ৎ সা নিতে আসে। হাসপাতাল সূত্র জানায়, সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে ৮৭৯ জন বিভিন্ন প্রাণীর কামড়ে আহত হয়ে চিকি ৎ সা নিতে এই হাসপাতালে এসেছিল। এদের ৮০ শতাংশই এসেছিল কুকুরের কামড়ে আহত হয়ে।হাসপাতালের মেডিকেল কর্মকর্তা সমরেশ হাজরা প্রথম আলোকে জানান, শুধু ৮ সেপ্টেম্বর বেলা দুইটা পর্যন্ত এসেছিল ১৫০ জন। গত রোববার দুপুর ১২টা পর্যন্ত আসে ৮৩ জন। এই হাসপাতালে বিড়াল, বানর—এসব প্রাণীর কামড়ে আহত রোগীরাও চিকি ৎ সা নেয়। হাসপাতাল সূত্র জানায়, কুকুরের প্রজনন ঋতু হওয়ায় এখন এই প্রাণীর কামড়ে আহতের সংখ্যা বাড়ছে।ডিসিসি সূত্র জানায়, রাজধানীতে জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণে বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের কর্মসূচি সারা বছর চলে। অতীতে ডিসিসি নিজ উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় কুকুর নিধন কর্মসূচি চালাত। কিন্তু সম্প্রতি কয়েকটি পরিবেশবাদী সংগঠন ও বণ্য প্রাণী সংরক্ষণ সংস্থা কুকুর নিধনের বিপক্ষে অবস্থান নিয়েছে। এসব প্রতিষ্ঠানের দাবির মুখে ডিসিসি নিজ উদ্যোগে কুকুর মারা অভিযান বন্ধ রেখেছে। এখন বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে—এমন অভিযোগ পেলে ডিসিসি সেই এলাকায় কুকুর মারতে যায়। একটি কুকুর মারার জন্য ডিসিসির বরাদ্দ ৪০ টাকা।নাম প্রকাশে অনিচ্ছুক ডিসিসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা কুকুর নিয়ন্ত্রণ কর্মসূচিকে অসফল বলেছেন। তিনি মনে করেন, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই ডিসিসির কুকুর নিয়ন্ত্রণ কর্মসূচি চলছে। কুকুর মারার জন্য ডিসিসির আধুনিক যন্ত্রপাতি ও কাজ তদারকিরও ব্যবস্থা নেই।রাজধানীর কয়েকটি এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, কুকুরের উপদ্রবের কথা ডিসিসিকে জানিয়েও লাভ হয় না, ডিসিসির লোক এলাকায় বা পাড়ায় এসে কুকুর মারেন না। শাহবাগের বাসিন্দা মো. শামসুদ্দোহা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা অনেক বেড়েছে। সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক এলাকায় নিয়মিত যাঁরা হাঁটতে বা শরীরচর্চা করতে যান, তাঁদেরও অভিযোগ, ওই এলাকায় বেওয়ারিশ কুকুর বেড়েছে। তবে ওই এলাকায় কুকুর মারতে কাউকে দেখা যায় না।শাহবাগ থানার পুলিশ সূত্র প্রথম আলোকে জানিয়েছিল, গত ৩১ আগস্ট (ঈদের দিন) রমনা ও শাহবাগ এলাকায় ২৩ জনকে কুকুরে কামড়ায়। ওই দিন কুকুরের কামড়ে আহত হয়ে ৩৭ জন সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকি ৎ সা নিতে যায়।প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবের কথা স্বীকার করে ডিসিসির পশুবিষয়ক কর্মকর্তা মো. আজমত আলী প্রথম আলোকে বলেন, কুকুর ধরার জন্য লোহার ফাঁস (ক্যাচার) ব্যবহার করা হয়। এরপর হাতে ধরে বিষাক্ত ইঞ্জেকশন (ম্যাগনেসিয়াম সালফেট) দিতে হয়। বেশ কয়েকটি দেশে পাগলা কুকুর বা হিংস্র প্রাণী মারার জন্য বিষাক্ত ইঞ্জেকশন দেওয়ার বন্দুক আছে। কিন্তু ডিসিসির তা নেই, থাকা দরকার। তিনি বলেন, অভিযোগ পেলেই কুকুর মারা হয়। ভোরবেলায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন কুকুর মারা হয় বলে রাজধানীর মানুষ কুকুর মারা দেখতে পায় না।জানতে চাইলে ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. নাসিরউদ্দিন গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কুকুর নিয়ন্ত্রণের জন্য নিয়মিত কর্মসূচি আপাতত বন্ধ আছে। এই কর্মসূচি আধুনিক করার পরিকল্পনা আছে। তিনি বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো সব সময় সম্ভব হয় না। তিনিও দাবি করেন, কুকুর নিধন অভিযান ভোরবেলায় চলে বলে মানুষ তা জানতে পারে না।তবে ডিসিসির পরিসংখ্যান দেখে বোঝার উপায় নেই যে ঢাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ছে, না কমছে। কত কুকুর ঢাকা শহরে আছে, এর কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই। কাগজপত্র বলছে, চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় চার হাজার ৫১৭টি বেওয়ারিশ কুকুর মারা হয়েছে। ২০১০-১১ অর্থবছরের এপ্রিল পর্যন্ত মারা হয় ১৪ হাজার ৬৮৩টি কুকুর। আর ২০০৫-০৬ অর্থবছর থেকে ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত বছরে গড়ে ২৩ হাজার ২৯০টি বেওয়ারিশ কুকুর মারা হয়েছে। কুকুর মারার পেছনে বছরে ডিসিসির বরাদ্দ প্রায় সাড়ে নয় লাখ টাকা।