জুমার নামাজের আগে ও পরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ, পল্টন, কাঁটাবন ও মিরপুর এলাকায় আজ শুক্রবার তাণ্ডব চালিয়েছেন ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা পুলিশ ও সংবাদকর্মীদের ওপর ইটপাটকেল ছোড়েন এবং লাঠিসোঁটা নিয়ে চড়াও হন। এর মধ্যে পাঁচজন সংবাদকর্মীকে বেধড়ক পেটানোর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসব এলাকায় কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। বায়তুল মোকাররম এলাকার সর্বশেষ খবরে জানা গেছে, ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীদের একাংশ এখন বায়তুল মোকাররম মসজিদের ভেতরে অবস্থান করছেন। তাঁরা মসজিদের ভেতর থেকেই স্লোগান দিচ্ছেন। পুলিশ মসজিদ এলাকা ঘিরে রেখেছে। বাইরে অবস্থান করা পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকে সাধারণ মুসল্লিদের মসজিদ থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছেন। ওই এলাকার রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সাঁজোয়া যান দিয়ে সড়কগুলোতে টহল দিচ্ছে পুলিশ। কিছুক্ষণ পরপরই সেখানে ফাঁকা গুলির শব্দ পাওয়া যাচ্ছে। আল্লাহ, পবিত্র কোরআন ও হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে আজ জুমার নামাজের পর রাজধানীসহ সারা দেশের মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করার কর্মসূচি দেয় ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে দাবি করা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিকে কলঙ্কিত করতে ব্লগসহ ইন্টারনেটে তাঁদের কারও কারও নামে ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে, যা আসলে তাঁরা বলেননি।বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্রধর্মভিত্তিক দলগুলোর এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় প্রচুর পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। বেলা পৌনে একটার দিকে জুমার নামাজ শুরুর আগে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন কয়েক শ ব্যক্তি। একপর্যায়ে তাঁরা সেখানে অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। সেখানে থাকা সংবাদকর্মীরা ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে তাঁরা তাঁদের ধাওয়া দেন ও মারধর করেন।এ সময় ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীরা মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আবদুল্লাহ তুহিন, এটিএন বাংলার ক্যামেরাম্যান জাহেদুজ্জামান তুহিনকে বেধড়ক পেটান ও ক্যামেরা ভাঙচুর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ পাল্টাধাওয়া দিয়ে নেতা-কর্মীদের মসজিদের ফটকের মধ্যেই আটকে দেয়।পল্টনে পুলিশের ওপর হামলাবেলা দেড়টায় নামাজ শেষে ইসলামী ছাত্র মজলিস বাংলাদেশের ব্যানারে জ্বালাও পোড়াও স্লোগান দিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি পল্টনে যাওয়ার পথে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় মিছিলের লোকজন কর্তব্যরত সংবাদকর্মীদের ওপর চড়াও হন। র্যাংগস টাওয়ারের সামনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান নূরকে মারধর করা হয়। পরে র্যাংগস টাওয়ারের নিরাপত্তাকর্মীরা ওই ক্যামেরাম্যানকে টেনে ভেতরে নিয়ে যান। এ ছাড়া এখানে আমার দেশ পত্রিকার ফটো সাংবাদিক মীর আহমেদ এবং আরও এক সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।দৈনিক বাংলায় মিছিল ছত্রভঙ্গ করেছে পুলিশপল্টনের ওই ঘটনার কিছুক্ষণ পর আবারও ধর্মভিত্তিক দলগুলোর নেতা- কর্মীদের একটি অংশ জড়ো হয়ে দৈনিক বাংলার দিকে মিছিল বের করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিরপুরেও সংঘর্ষবেলা দুইটার দিকে মিরপুর ১০ নম্বরে পুলিশের সঙ্গে ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ইবাদুর রহমান, কাজী রমজানি, আবদুল হান্নান ও নূর আলম নামে চারজনকে আটক করেছে। কাঁটাবন এলাকায় তাণ্ডবধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীরা দুপুর দুইটার দিকে কাঁটাবন এলাকায় জড়ো হয়ে তাণ্ডব চালায়।