রাজধানীতে নকল হোমিও ওষুধ তৈরির কারখানার সন্ধান, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড এলাকার এস আহমেদ কেমিক্যাল মার্কেটে নকল হোমিও ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত আজ রোববার সকালে সেখানে অভিযান চালান।আদালত সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটের দোতলার একটি দোকানে নকল হোমিও ওষুধ তৈরি ও বোতলজাত করার সন্ধান পান। সেখানে রেক্টিফাইড স্প্রিট, অ্যালকোহলসহ বিভিন্ন কেমিক্যাল ড্রাম থেকে সরাসরি বোতলে ভরে বোতলের গায়ে বিভিন্ন কোম্পানির লেবেল লাগানো হচ্ছিল। এ কারণে ওই দোকানটির পাঁচ কর্মচারীকে আটক করা হয়। আদালত সূত্রে আরও জানা গেছে, এসব দাহ্য পদার্থে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আদালত সেখান থেকে প্রায় সাত হাজার বোতল ও ১৮ ড্রাম ওষুধ জব্দ করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। এ সময় র‌্যাব ১০-এর উপপরিচালক হারুন-উর-রশিদ, ড্রাগ সুপার মো. আতিক ও র‌্যাবের একটি দল উপস্থিত ছিল।