রাজধানীতে নিজের গুলিতে র‌্যাব সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বারিধারায় একটি তল্লাশি চৌকির সামনে নিজের অস্ত্রের গুলিতে র‌্যাব ১-এর একজন সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মিলন সরকার (৩৫)। আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।মিলনের গ্রামের বাড়ি রাজশাহীতে। তিনি পুলিশের নায়েক ছিলেন। গত জুন মাসে তিনি র‌্যাবে যোগ দেন। পুলিশ জানায়, আজ সকাল সোয়া আটটার দিকে বারিধারার একটি তল্লাশি চৌকিতে র‌্যাবের কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় চৌকির সামনে থেমে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনের সিটে মিলন বসা ছিলেন। তাঁর অস্ত্র এসএমজিটি ছিল দুই পায়ের মাঝে। হঠাৎ একটি গুলি তাঁর থুতনি দিয়ে ঢুকে মাথার খুলি ভেদ করে বের হয়ে যায়। গুলিটি যে তাঁর নিজের অস্ত্রের এবং তিনি নিজেই চালিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এটি অসাবধানতাবশত, না আত্মহত্যা তা সুনিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল জানান, প্রাথমিকভাবে পাওয়া আলামত থেকে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। মিলনের সহকর্মীরা জানান, কিছু দিন ধরেই স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন চলছিল।