ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা প্রথম দিনের হরতাল গতকাল রোববার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। তবে সচিবালয়সহ রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণের ঘটনায় কিছুটা উত্তাপ ছড়ায়। বিএনপির নেতা ইলিয়াস আলীকে জীবিত ফিরিয়ে দেওয়ার দাবিতে এই হরতাল ডাকা হয়। আজ সোমবারও দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইলিয়াসকে ফেরত না পেলে আজ আবার কর্মসূচি ঘোষণা করা হবে। গতকালের হরতালে রাজপথে বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতি ছিল খুবই কম। জামায়াতে ইসলামী কয়েকটি স্থান থেকে স্বল্প সময়ের জন্য মিছিল বের করে। লেবার পার্টি ও এনডিপির দুই শীর্ষ নেতাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা গেছে। এ ছাড়া ১৮ দলীয় জোটের বাকি শরিক দলের কাউকে দেখা যায়নি। গতকাল ঢাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশ বলেছে, হরতালে রাজধানীর বিভিন্ন স্থানে ১৪টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। হরতাল-সমর্থনকারীরা চারটি গাড়ি ভাঙচুর করেছেন। এর মধ্যে বিকেল তিনটা ৫০ মিনিটে সচিবালয়ের ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়াল ঘেঁষে ভেতরে-বাইরে দুটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। এতে কেউ হতাহত না হলেও একজন আনসার কর্মকর্তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় পুরো সচিবালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে বৈঠক করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী করে বলেন, নিখোঁজ ইলিয়াস আলীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। কিন্তু তারা অব্যাহতভাবে দিনের পর দিন হরতাল দিচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইলিয়াসকে গুম রেখে সরকারের কী লাভ? তাদের সৃষ্ট জঙ্গির কাছে ইলিয়াসকে রেখে দিয়েছে কি না, তা-ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে বলেছি।’হরতালে নিরাপত্তার জন্য ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামানো হয়। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন বলেছেন, আজকের হরতালেও পুলিশ ও র্যাবের পাশাপাশি সারা দেশে বিজিবির ১০ প্লাটুন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। হরতাল-পরবর্তী এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা দাবি করেছেন, গতকালের হরতালে পুলিশ ও সরকারদলীয় লোকজনের হামলায় সারা দেশে বিএনপির ৪৫৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ৫১২ জন। ঢাকা মহানগরে গ্রেপ্তার হয়েছেন ৭৫ জন। অবশ্য ঢাকার পুলিশ দাবি করেছে, তারা ১৭ জনকে গ্রেপ্তার করেছে।গতকালের হরতাল চলাকালে রাজধানীর প্রধান সড়কগুলো ছিল রিকশার দখলে। অনেক সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। বেশির ভাগ দোকানপাট ও বিপণিবিতান বন্ধ ছিল। ঢাকা থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। লঞ্চ, রেল ও বিমান চলাচল ছিল স্বাভাবিক। তবে লঞ্চঘাট ও বিমানবন্দরে যেতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।শাহীনবাগে যানবাহন ভাঙচুর: প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার ১০-১৫ জন কর্মী সকাল সাড়ে আটটার দিকে মহাখালীর শাহীনবাগের একটি গলি থেকে মিছিল বের করেন। মূল সড়কে এসে নেতা-কর্মীরা একটি বাস, তিনটি সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে ঘটনাস্থলে পুলিশ এলে ভাঙচুরকারীরা পালিয়ে যান। এ ছাড়া সকাল সাড়ে নয়টার দিকে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ হরতালের বিপক্ষে একটি মিছিল বের করে।সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গতকাল সকালে হরতালের সমর্থনে একটি মিছিল থেকে বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানার পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যা পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তবে আগের হরতালগুলোতে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হতে পারে।বিএনপির সাংসদদের মিছিল: সকাল সাড়ে নয়টায় জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির সাংসদেরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় সাংসদদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়। পরে সংসদ ভবন চত্বরে সাংসদদের সমাবেশ অনুষ্ঠিত হয়। অবরুদ্ধ বিএনপির কার্যালয়: বরাবরের মতো গতকালও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরোধ করে রাখে পুলিশ। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। আর কাউকে আশপাশে ঘেঁষতে দেয়নি পুলিশ। সকাল পৌনে ছয়টায় বিএনপির কার্যালয়ের ফটক থেকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে অল্প কিছু কর্মী মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ সঙ্গে সঙ্গে রিজভীসহ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নেয়। এরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। প্রিজন ভ্যানটি দ্রুত নাইটিংগেল মোড় হয়ে বিএনপির কার্যালয়ের উল্টো দিকে এসে রিজভীসহ অন্যদের ছেড়ে দেয়।আইনজীবীদের সমাবেশ: বেলা সোয়া ১১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের দিকে যান। সেখানে পুলিশ বাধা দিলে তাঁরা ফটকের অভ্যন্তরে বিক্ষোভ সমাবেশ করেন। জামায়াত-শিবিরের ছয় মিছিল, তিনজন আটক: জামায়াত রাজধানীর বিভিন্ন জায়গায় চারটি ও ছাত্রশিবির দুটি মিছিল বের করে। মিছিল থেকে পুলিশ ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করে।এর মধ্যে দুপুর পৌনে ১২টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক থেকে, সকাল সাতটার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে, একই সময় রামপুরার বনশ্রী থেকে, সাড়ে ছয়টার দিকে মিরপুরের সাড়ে ১০ নম্বরে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত। আর ছাত্রশিবির রাজধানীর যাত্রাবাড়ী ও খিলগাঁওয়ে দুটি মিছিল করে। যাত্রাবাড়ীর মিছিল থেকে জহিরুল ইসলাম, সোহাগ ও আতিকুর রহমান নামের তিন শিবিরকর্মীকে আটক করা হয়।