রাজধানীতে নয়টি বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল সামনে রেখে আজ শনিবার দুপুর থেকেই রাজধানীতে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরে নয়টি গাড়িতে আগুন দেওয়া হয়। এ খবর ছড়ালে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় বাসের সংখ্যাও কমে যায়। ফলে ঘরমুখো মানুষকে দুর্ভোগে পড়তে হয়।পুলিশের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার রাজারবাগে এক অনুষ্ঠানে বলেন, হরতালের সময় নাশকতার চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে। হরতালের সমর্থনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছেন। এ ছাড়া হরতালের পক্ষে বিভিন্ন স্থানে প্রচারপত্রও বিতরণ করা হয়েছে। নয়টি গাড়িতে আগুন: আজ বেলা দেড়টার দিকে মতিঝিল নটরডেম কলেজের পাশে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটিতে কোনো যাত্রী ছিল না। প্রায় একই সময়ে ১০-১২ জন যুবক মতিঝিল শাপলা চত্বরের সামনে আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। বেলা আড়াইটার দিকে মতিঝিল পেট্রলপাম্পের সামনে, সাড়ে তিনটায় শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ও বিকেল পৌনে পাঁচটার দিকে বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।মতিঝিল থানার এসআই মাহবুবে খুদা জানান, আগামীকালের হরতালকে সামনে রেখে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এসব অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠন জড়িত নয় বলে দাবি করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিতে রাজধানীতে বাসে আগুন লাগানো হচ্ছে। এত কড়া নিরাপত্তার মধ্যে একের পর এক বাসে আগুন লাগানো হচ্ছে, অথচ পুলিশ কাউকে ঘটনাস্থল থেকে আটক করতে পারছে না। এতে বোঝা যায়, এর পেছনে কারা আছে।’