রাজধানীতে পাঁচ গাড়িতে আগুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের আগের দিন আজ সোমবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় পাঁচটি গাড়িতে আগুন লাগানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর গাবতলীতে একটি যাত্রীবাহি বাস, তোপখানা রোডে সচিবালয়ের সামনে একটি যাত্রীবাহী বাস, শুক্রাবাদে একটি প্রাইভেট কার (ব্যক্তিগত গাড়ি), ধানমন্ডিতে একটি মাইক্রোবাস ও কারওয়ান বাজারে একটি মিনিবাসে আগুন দিয়েছে হরতালের সমর্থকেরা। গাবতলী: বিকেল সোয়া চারটার দিকে গাবতলীতে পুলিশ বক্সের সামনে আট নম্বর বাসে আগুন দেয় হরতাল সমর্থকেরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সচিবালয়: সচিবালয়ের সামনে আজ বিকেল পৌনে চারটার দিকে একটি যাত্রীবাহী বাসে হরতালের সমর্থকেরা আগুন দেয়। এতে বাসটি পুড়ে যায়। ওই বাসের যাত্রী মো. বিল্লাল প্রথম আলো ডটকমকে জানান, ট্রান্স সিলভা নামের বাসটি যাত্রাবাড়ী থেকে মোহাম্মদপুর যাচ্ছিল। বাসটি সচিবালয়ের সামনে এলে ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় যাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। সচিবালয় এলাকায় দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জেন্ট শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, যাত্রী সেজে বাসে উঠে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।শুক্রাবাদ: শুক্রাবাদে আজ বেলা পৌনে তিনটার দিকে মেট্রো শপিং মলের সামনে একটি ব্যক্তিগত গাড়িতে আগুন দেয় হরতালের সমর্থকেরা। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন প্রথম আলো ডটকমকে জানান, ছড়িয়ে পড়ার আগেই আশপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ধানমন্ডি: বেলা একটার দিকে হরতালের সমর্থকেরা ধানমন্ডিতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি মাইক্রোবাসে আগুন দেয়। ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ পরিদর্শক সাজ্জাদ হোসেন প্রথম আলো ডটকমকে জানান, সিটি কলেজের পাশে স্টার কাবাবের সামনে মাইক্রোবাসটি রেখে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন চালক। এ সময় গাড়িটিতে আগুন লাগানো হয়। কারওয়ান বাজার:বেলা আড়াইটার দিকে কারওয়ান বাজারে প্রগতি ভবনের সামনে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রগতি ভবনের সামনে বাসটি রেখে চালক ও তাঁর সহকারী দুপুরের খাবার খেতে যান। এ সময় বাসের জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রথম আলোর ভবন থেকে পাইপলাইনের পানি দিয়ে বাসটির আগুন নেভানো হয়। বাসের পেছনের আসনে আগুন লাগলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাসটির ইঞ্জিনও পোড়েনি। বাসটি একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তেজগাঁও অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার শেখ রাজীবুল হাসান জানান, কাল থেকে শুরু হওয়া হরতালের কারণে বাসটিতে আগুন দেওয়া হতে পারে। আবার বিমার টাকা পাওয়ার জন্যও এ ঘটনা ঘটানো হতে পারে।আটটার খামারবাড়ির সামনে টায়ার জ্বালিয়েছে। গাবতলীরে সোয়া চারটায় আট নম্বর বাসে আগুন দেয়। পুলিশ।