রাজধানীতে পাঁচ গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা হরতালের আগের দিন আজ শনিবার বিকেল থেকে এ পর্যন্ত রাজধানীর রমনা, আজিমপুর, মিরপুর, তেজগাঁও ও ঢাকা কলেজের সামনের এলাকায় পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা এই আগুন দিয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, হরতালের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে।বেলা তিনটার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেননি। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলো ডটকমকে এ কথা জানান। এদিকে বিকেল পাঁচটার দিকে আজিমপুর গার্লস স্কুলের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসটির মেরামতকাজ চলছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলো ডটকমকে এ খবর জানিয়েছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা প্রথম আলো ডটকমকে বলেন, সন্ধ্যায় তিনটি গাড়িতে আগুন লাগানো হয়। সন্ধ্যা ছয়টার দিকে মিরপুর এক নম্বরে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন লাগায়। তবে আগুন লাগানোর আগেই যাত্রীরা বাস থেকে নেমে যান। পরে পৌনে সাতটার দিকে তেজগাঁওতে একটি ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগায়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে কাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।