রাজধানীতে পাঁচ গাড়িতে আগুন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন জায়গায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত চারটি বাসসহ পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগের খবর জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এসব ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। হরতালকে সামনে রেখে আতঙ্ক ছড়ানোর জন্য এসব অগ্নিসংযোগ বলে জানিয়েছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, রাজারবাগ, পান্থপথ, শান্তিনগরে চারটি বাস ও গোপীবাগে একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউদ্দিন বলেন, বিকেল তিনটার দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের (কারওয়ান বাজার) স্টার রেস্তোরাঁর সামনে মিরপুর-গুলিস্তান পথের বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।পুলিশ জানায়, অগ্নিসংযোগের অভিযোগে ঘটনাস্থল থেকেই লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাঁরা দুজন হলেন তেজগাঁও কলেজের ছাত্র কিবরিয়া শিমুল ও হাবিবুর রহমান। তবে আটক হওয়া শিক্ষার্থীরা বাসে অগ্নিসংযোগের কথা অস্বীকার করেছেন।বাসটির চালক মো. নাদিম বলেন, ওই দুজন বাসের পেছনে কোনো একটি পাউডার-জাতীয় পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। তাঁরা পালিয়ে যাওয়ার সময় অন্য যাত্রী ও জনতা তাঁদের ধরে ফেলে। তাঁদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।ফায়ার সার্ভিস জানায়, একই সময়ে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনের বিপরীত দিকে শ্যামলী পরিবহনের একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ জানায়, ঢাকার বিভিন্ন কাউন্টারে যাত্রী আনা-নেওয়ার জন্য ওই মিনিবাসটি ব্যবহূত হতো।বিকেল চারটার দিকে পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে দ্বীপবাংলা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বিকেল পৌনে পাঁচটার দিকে শান্তিনগর এলাকায় জ্বালানি মন্ত্রণালয়ের কর্মীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।এ ছাড়া বিকেলে গোপীবাগ এলাকায় একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।