রাজধানীতে পাঁচ ডাকাত গ্রেপ্তার
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন: মতি ওরফে জিতু (৪০), লাল মিয়া (৪৫). নজরুল ইসলাম (৩৮), মজিবুর রহমান (৫০) ও রবিন (২২)। তাঁদের কাছ থেকে একটি ট্রাক আটক করা হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) রবিউল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার মিলব্যারাক এলাকায় সিএসডি গুদামের জেটি গেটে ওই পাঁচজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সহকারী কমিশনার জাহিদুল হক তালুকদারের নেতৃত্বে ডিবির একটি দল তাঁদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, খালি ট্রাক ব্যবহার করে তাঁরা রাস্তায় চলাচলকারী মালবোঝাই ট্রাকের গতি রোধ করেন। চালক ও সহকারীকে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে মালবোঝাই ট্রাক নিয়ে চলে যাওয়াই তাঁদের মূল কাজ। ওই পাঁচজনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন তাঁরা। পরে আদালত থেকে জামিন নিয়ে আবার তাঁরা ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন।সহকারী কমিশনার জাহিদুল হক তালুকদার জানান, পাঁচ ডাকাতের সবাই আন্তজেলা ডাকাতদলের সদস্য। তাঁদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা হয়েছে।