রাজধানীতে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
রাজধানীতে আজ বৃহস্পতিবার হরতাল চলাকালে বিক্ষোভ মিছিল, পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের চেষ্টার অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে তিনজনকে এক বছর ও দুইজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।পুলিশ সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল দিলকুশা এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা যান চলাচলে বাঁধা ও যানবাহন ভাঙচুরে উদ্যত হলে একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াছিন (২৫) ও ইউসুফ আলী (২৮) নামের দুই যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।এর আগে সকাল সাড়ে আটটার দিকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে পশ্চিম রামপুরা ডিআইটি রোডে যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশ ইউসুফ মজুমদার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে। অন্যরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।রামপুরা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল হক জানান, দণ্ডপ্রাপ্ত ইউসুফ মজুমদার রামপুরা থানা জামায়াতে ইসলামীর রোকন।বেলা ১১টার দিকে একদল যুবক মিছিল নিয়ে পল্টন কালভার্ট রোডে গাড়ি ভাঙচুরে চেষ্টা চালায়। এ সময় পুলিশ ধাওয়া করে শাহাদত (৩০) ও নাসির (৩২) নামের দুই যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, দণ্ডপ্রাপ্ত দুজন ছাত্রদলের কর্মী।এ ব্যাপারে পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুরের চেষ্টা ও মিছিল করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে কারাদণ্ড দেন। পরে তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।মহানগর পুলিশ সূত্র জানায়, রাজধানীতে হরতাল চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ আরও ১৫ জনকে গ্রেপ্তার করেছে।