আইসিডিডিআরবিতে ঘণ্টায় ২০ জন ভর্তি
রাজধানীতে পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে
রাজধানীতে বাড়ছে পানিবাহিত রোগ। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চলতি সপ্তাহে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) প্রতি ঘণ্টায় ২০ জন রোগী ভর্তি হয়েছে। অন্যদিকে গত মাসের তুলনায় ঢাকা শিশু হাসপাতালে এ মাসে টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ১০ শতাংশ। বিশেষজ্ঞরা বলেছেন, তাপমাত্রা বাড়লেও চাহিদা অনুযায়ী মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না। ফলে পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।আইসিডিডিআরবিতে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভর্তি হওয়া ডায়রিয়া রোগীর সংখ্যা ছিল ৩৫৭ জন। ৯ মার্চ থেকে প্রতিদিন প্রায় ৫০০ রোগী এ হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিত্সকেরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ২৫ শতাংশই তীব্র ডায়রিয়ায় ভুগছে। মিরপুরে ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা আইসিডিডিআরবির ডায়রিয়া চিকিত্সাকেন্দ্রে প্রতিদিন গড়ে ৪০ জন রোগী ভর্তি হচ্ছে। ৩৫ বছর বয়সী ইদ্রিস আলী একজন নির্মাণশ্রমিক। তিনি মিরপুরেই থাকেন। তিন দিন ধরে তিনি ডায়রিয়ায় ভুগছেন। আইসিডিডিআরবির মিরপুর কেন্দ্রে ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, পানিতে অনেক গন্ধ। তার পরও কিছু করার নেই। এ পানিই খেতে হয়। এ পানি বিশুদ্ধ কি না, তাও তাঁর জানা নেই। তিনি বলেন, ‘ফিল্টারের পানি কিনে খাওয়ার পয়সা তো নাই।’ একই কেন্দ্রে থাকা কলেজছাত্র পিয়াস রহমান মিরপুরেই একটি মেসে থাকেন। তিনি বলেন, ‘পানি তো সব সময় থাকে না। যখন থাকে, তখন সংগ্রহ করে রাখতে হয়। সেই পানিটাও ময়লা।’রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি হাসপাতালে রোগীর জায়গা না হওয়ায় গাড়ি রাখার স্থানে তাঁবু স্থাপন করা হয়েছে। সেখানে সবুজবাগ থেকে আসা নজরুল ইসলাম বলেন, পানি সংকটের কারণে দুর্গন্ধযুক্ত পানি খেতে হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা একাধিক রোগী একই কথা বলেন। ঢাকা শিশু হাসপাতালে প্রতিদিন ১০ থেকে ১২ জন ডায়রিয়ায় আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। এ ব্যাপারে ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. দারুল ইসলাম বলেন, চলতি মাসের শুরুর দিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগী অধিক হারে ভর্তি হচ্ছে। জন্ডিস ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। গত মাসের তুলনায় চলতি মাসে ১০ শতাংশ বেশি রোগী টাইফয়েড ও জন্ডিস রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি জানান, বহির্বিভাগে এ ধরনের অসুখ নিয়ে আরও বেশি রোগী আসছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। দূষিত পানি পান করায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে খাবার দূষিত হয়ে যায়। এ সময়ে বিশুদ্ধ পানির সংকট থাকলে পানিবাহিত রোগের জীবাণু সহজে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে আইসিডিডিআরবির বিজ্ঞানী মো. শাহাদাত হোসেইন প্রথম আলোকে বলেন, রাজধানীতে বিশুদ্ধ পানির তীব্র সংকট আছে। মানুষ দূষিত পানি ব্যবহার করছে। ডায়রিয়া পরিস্থিতি স্বাভাবিক করতে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে।এ পরিস্থিতিতে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আইসিডিডিআরবির বিজ্ঞানী ও চিকিত্সক আজহারুল ইসলাম খান বলেন, অবশ্যই পানি ফুটিয়ে পান করতে হবে। পানি ১০ মিনিটের বেশি সময় ধরে ফোটাতে হবে। ডায়রিয়ার রোগীকে দ্রুত পরিমাণমতো খাবার স্যালাইন খাওয়াতে হবে। শিশু যদি বুকের দুধ খায়, তবে তা অবশ্যই চালিয়ে যেতে হবে। একই সঙ্গে সবাইকে সাবান ও পানির মাধ্যমে পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।