রাজধানীতে পিকআপের চাপায় ছাত্র নিহত
রাজধানীর সবুজবাগের মানিকনগর এলাকায় পিকআপের চাপায় পিষ্ট হয়ে মেহেদি হাসান (১৩) নামে মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে।আজ শনিবার বেলা দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। লোকজন পিকআপের চালক মামুনকে পিটুনি দিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদি সবুজবাগের তানজিমুল মিলাদ মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। আজ মাদ্রাসা ছুটির পর ১০ টাকা দিয়ে একটি বাইসাইকেল ভাড়া নিয়ে তা চালানো শিখছিল মেহেদি। বেলা দুইটার দিকে মেহেদি সাইকেলটি নিয়ে মানিকনগর মডেল স্কুলের সামনে গেলে বেপরোয়া গতির একটি পিকআপ তাঁকে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মেহেদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনগণ পিকআপটি আটক করে ভাঙচুর করে এবং চালক মামুনকে গণপিটুনি দেয়।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম প্রথম আলো অনলাইনকে বলেন, পুলিশ জনরোষ থেকে মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পিকআপটি থানায় নেওয়া হয়েছে।মেহেদি তাঁর মা-বাবার সঙ্গে মানিকনগরের ৬৬ দক্ষিণ মান্ডায় থাকত। তাঁর বাবা মিজানুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।