রাজধানীতে পুলিশ খুন ছিনতাইকারীর কাজ বলে সন্দেহ
রাজধানীতে এক পুলিশ সদস্য খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে বাদল মিয়া (২২) নামের ওই কনস্টেবলের লাশ রাজধানীর মতিঝিল এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের কোম্পানি-২-এ তথ্যপ্রযুক্তি শাখায় কর্মরত ছিলেন।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামান মোল্লা প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্যাক্সি ক্যাবে করে আসা কয়েকজন লোক বাদলকে ওই জায়গায় ফেলে রেখে পালিয়ে গেছে। তাঁর গলা, চোখ, কপাল, হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মারধর করার পর শ্বাসরোধে তাঁকে হত্যা করেছে।মতিঝিল থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আটটা থেকে বাদল শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ পুলিশ বক্সে স্থাপিত ক্লোজড সার্কিট ক্যামেরা নিয়ন্ত্রণ দলের একজন হয়ে দায়িত্ব পালন করছিলেন। তাঁর গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি খাওয়ার পর হাঁটাহাঁটি করতে যান। রাত ১২টার দিকে খবর পেয়ে পুলিশ মতিঝিলের টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে। ওসি হায়াতুজ্জামান মোল্লা বলেন, বাদলের মৃতদেহের সঙ্গে তাঁর মানিব্যাগ ও মুঠোফোন পাওয়া যায়নি। এ কারণে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা ছিনতাইকারী। বাদলকে যাত্রী হিসেবে ট্যাক্সিতে উঠিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। বাদলের বাসা খিলগাঁওয়ের দক্ষিণগাঁওয়ে। খুব সম্ভবত কোনো জরুরি কাজে তিনি বাসার দিকে যেতে ওই ট্যাক্সি ক্যাবের অন্য যাত্রীদের সঙ্গে উঠেছিলেন।গতকাল দুপুরে এজিবি কলোনিতে রহিমা বেগম নামের এক প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা এ প্রতিবেদককে বলেন, ফকিরাপুলের দিক থেকে একটি ট্যাক্সি ক্যাব এসে টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়ের সামনে থামে। গাড়ির ভেতরে থাকা কয়েকজন লোক তাড়াহুড়ো করে একজন মানুষকে সড়কে ফেলে দিচ্ছিলেন। রহিমা বেগম বলেন, তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও দায়িত্বরত পুলিশ ছুটে এলেও ট্যাক্সিটি দ্রুতবেগে চলে যায়। মতিঝিল থানার ওসি বলেন, বাদল সাধারণ পোশাকে ছিলেন। সঙ্গে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাদলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মতিঝিল থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহত বাদল মিয়ার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে। আমাদের মঠবাড়িয়া প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার বিকেলে বাদলের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এক মর্মস্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। বিলাপ করতে করতে মূছা যাচ্ছিলেন বাদলের মা নূরজাহান বেগম। বাদলের বাবা আবদুল আজিজ সরদার (৬২) প্রধানমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার দাবি করেন। বাদল মিয়া স্ত্রী রুমা বেগম ও এক বছরের সন্তান জিসানকে রেখে গেছেন।