রাজধানীতে পুলিশ ফাঁড়ির কাছে ছিনতাই
রাজধানীর সায়েদাবাদে পুলিশ ফাঁড়ির কাছে আজ শুক্রবার সকালে ছিনতাইকারীরা এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ ইসরাফিল নামের ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সাধীন ইসরাফিল জানান, তিনি আজ ভোর সাড়ে পাঁচটার দিকে লালমনিরহাট থেকে পাওনা চার লাখ নিয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে আসেন। সেখান থেকে হেঁটে নরসিংদীর বাসে উঠতে যাওয়ার সময় পুলিশ ফাঁড়ির কাছে চার-পাঁচজন ছিনতাইকারী তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুটি মুঠোফোনসহ টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। ইসরাফিল জানান, তাঁর বাড়ি নরসিংদীর মাধবদীতে। সেখানে তাঁর কাপড়ের ব্যবসা রয়েছে।যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম জানান, ছিনতাইয়ের ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে এখনো মামলা হয়নি।