রাজধানীতে পুলিশের ওপর শিবিরের হামলা
জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতার মুক্তির দাবিতে রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়েছে। দৈনিক বাংলা মোড়ে শিবিরের হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আর ফকিরেরপুল এলাকায় ফুটপাতের ব্লক ভেঙে সেগুলো দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন শিবিরের কর্মীরা।আজ শনিবার বিকেলে এসব ঘটনা ঘটে। দুটি ঘটনাতেই শিবিরের কর্মীরা আশপাশের গলি থেকে মিছিল বের করে হামলা চালিয়ে গলি দিয়েই পালিয়ে যান।গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে শিবিরের সভাপতি রেজাউল করিম আজকের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন। শিবির জানিয়েছিল, আজ বিকেল সাড়ে চারটার দিকে তারা পল্টন মোড় থেকে মিছিল বের করবে। কিন্তু সেটি না করে তারা দৈনিক বাংলা ও ফকিরেরপুল এলাকায় অবস্থান নেয়।এসব বিষয়ে জানতে শিবিরের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ফোন ধরে বলেন, পুলিশের কারণে তাঁরা পল্টনে মিছিল করতে পারেননি। পরে হ্যালো, হ্যালো বলতে থাকেন। পরে ফোন কেটে যায়। এরপর বিভিন্ন নম্বর থেকে অনেকবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।বিকেল চারটা ৩৫ মিনিটের দিকে দৈনিক বাংলা মোড়ের কাছে জনতা ব্যাংকের সামনের গলি থেকে শিবিরের কয়েকজন কর্মী একটি মিছিল বের করেন। মুহূর্তের মধ্যেই আশপাশের গলি থেকে শিবিরের কয়েক শ কর্মী মিছিলে যোগ দেন। মিছিলে অংশ নেওয়া শিবিরের এক কর্মী এলাকায় দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তার ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন। ফলে ওই পুলিশ কর্মকর্তার ঘাড় দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এর পরই শিবিরের কর্মীরা দৌড়ে আশপাশের বিভিন্ন গলি দিয়ে এলাকা ছেড়ে চলে যান।এই এলাকায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল আবুল বাশার ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, ‘মতিঝিল গোলচত্বর থেকে সিটি সেন্টার পর্যন্ত আমাদের ডিউটি আছিল। হঠাত্ দেখলাম একটা মিছিল আসছে। তারা খালি দৌড়াইতেছিল। এর মধ্যে আমাদের এক এসআইরে লাঠি দিয়া পিটা দিছে না কি ইটা দিছে বুঝলাম না। তবে তাঁর ঘাড় দিয়া রক্ত বের হচ্ছিল। এরপর আর তারা সময় নেয়নি। দৌড়ায়্যা চলে গেছে।’বিকেল সোয়া পাঁচটার দিকে ফকিরেরপুল মোড়ে গিয়ে রাস্তায় এখানে ওখানে ফুটপাতের ভাঙা ব্লক পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানিয়েছে, শিবিরের কর্মীরা ফুটপাত থেকে এসব ব্লক তুলে সেগুলো ভেঙে পুলিশের ওপর হামলা করেছিলেন।