রাজধানীতে পুলিশের গুলিতে সন্ত্রাসী আহত
রাজধানীর কদমতলী থানার লেগুনার কাছে পুলিশের গুলিতে গোপাল মণ্ডল (৩৫) নামের একজন সন্ত্রাসী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। থানা সূত্র জানিয়েছে, গতকাল রাত তিনটার দিকে থানার পুলিশের সাদা পোশাকধারী দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তল্লাশি চালাতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালালে গোপাল মণ্ডলের পায়ে গুলি লাগে এবং অন্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গোপালকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করে।গোপাল মণ্ডল দাবি করেন, তিনি সন্ত্রাসী নন। তিনি একজন ভাঙারি ব্যবসায়ী। পুলিশ তাঁকে রাস্তা থেকে ধরে নিয়ে পায়ে গুলি করেছে।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুবুর রহমান জানিয়েছেন, গোপাল মণ্ডল শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের অন্যতম সহযোগী। তাঁর কাছ থেকে একটি শাটারগান উদ্ধার করা হয়েছে।