রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টন, শান্তিনগর ও মালিবাগ এলাকায় আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি মালিবাগ, মৌচাকের দিকে যেতে থাকে। শান্তিনগরে টুইন টাওয়ারের সামনে পৌঁছালে একপর্যায়ে মিছিল থেকে বিএনপির নেতা-কর্মীরা ভাঙচুর শুরু করেন। এ সময় তাঁরা একটি বাসে আগুন দেন ও টুইন টাওয়ারের কাচ ভাঙচুর করার চেষ্টা চালান। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। বিএনপির মিছিল থেকেও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে বিএনপির মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মালিবাগ, মৌচাক ও শান্তিনগর এলাকায় বিচ্ছিন্নভাবে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বিএনপির নেতা-কর্মীরা চ্যানেল আইয়ের একটি গাড়ি ভাঙচুর করে বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষে পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। আহত পুলিশ কনস্টেবল নাজমুল হাসান প্রথম আলো ডটকমকে জানান, তিনি শান্তিনগর চৌরাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় বিএনপির মিছিল থেকে ইট ছোড়া হয়। ইটটি তাঁর ডান চোখের নিচে আঘাত করে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন আছে। পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে বলেন, বিএনপির কার্যালয় থেকে মিছিলটি মালিবাগ, মৌচাকে পৌঁছালে গাড়ি ভাঙচুর শুরু করে ও একটি বাসে আগুন দেয়। এ সময় পুলিশ বাধা দিলে তারা হামলা শুরু করে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অতিরিক্ত উপকমিশনার আরও জানান, পুলিশকে লক্ষ্য করে মিছিলকারীরা ককটেলও ছোড়ে। তবে সংঘর্ষে কতজন আহত বা আটক হয়েছেন, তা তিনি জানাতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ সেখানে টহল দিচ্ছে বলে তিনি জানান। তবে বিএনপির কয়েকজন নেতা-কর্মীর দাবি, মিছিলটি শান্তিপূর্ণভাবে যাচ্ছিল। কিন্তু শান্তিনগরের সামনে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।