রাজধানীতে পৃথক ঘটনায় দুই খুন
পৃথক ঘটনায় রাজধানীর দারুস সালাম ও পল্লবী থানা এলাকা থেকে পুলিশ আজ বৃহস্পতিবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারণা, দুই যুবককে হত্যা করা হয়েছে।এ ছাড়া গত দুই দিনে নগরে তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।পুলিশ সূত্র জানায়, আজ বেলা পৌনে ১১টার দিকে দারুস সালাম থানার একদল পুলিশ গাবতলীর দীপনগর মাঠসংলগ্ন একটি মার্কেটের সিঁড়ির পাশে বালুর বস্তা চাপা দেওয়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। লাশটি বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। যুবকের মুখ ও মাথায় পোড়া চিহ্ন ছিল। তাঁর বয়স আনুমানিক ৩৬ বছর।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাক হোসেন জানান, অন্তত চার-পাঁচ দিন আগে যুবককে হত্যা করে লাশ গুম করতে বালুর বস্তা চাপা দিয়ে রাখা হয়। লাশটিতে প্রায় পচন ধরেছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ পল্লবীর বাউনিয়াবাদ এলাকার বৈশাখী নামে একটি মত্স্য খামারের পুকুর থেকে অজ্ঞাত অন্য এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে। পরে বিকেলে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে।যুবকের পরনে নীল জিন্স প্যান্ট এবং সাদা গেঞ্জি আছে। পুলিশের ধারণা, যুবককে হত্যা করে লাশ খামারের পুুকুরে ফেলে দেয় ঘাতকেরা। এ ব্যাপারে পল্লবী থানায় হত্যা মামলা হয়েছে।