রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ রোববার পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী লিমা আক্তার (২১) ও কাঠমিস্ত্রি বকুল হোসেন (৩৫)। শাহবাগ থানার পুলিশ জানায়, আজ সকাল সোয়া নয়টার দিকে প্রেসক্লাবের সামনে বাসের অপেক্ষায় ছিলেন লিমা আক্তার। এ সময় ওই স্থানে মিডওয়ে পরিবহনের একটি চলন্ত বাসের চাকা ফেটে যায়। এতে লিমা ভয় পেয়ে দৌড় দেন। এ সময় তিনি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে কাঁটাতারে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কাঁটাতার তাঁর গলায় বিঁধে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটিকে আটক করেছে। তিনি বি ব্লক, ২৫৭ খিলগাঁও চৌধুরীপাড়ায় থাকতেন। তাঁর স্বামী রেজাউল ইসলাম একজন ব্যবসায়ী ।হাসপাতালে লিমার ভাশুর নুরুল ইসলাম জানান, লিমা গুলশান সি ব্রিজ স্কুলের শিক্ষক ছিলেন, পাশাপাশি তিনি ডেসটিনি গ্রুপের কর্মী ছিলেন। অন্যদিকে একই সময়ে বাড্ডা থানার শাহজাদপুর বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন বকুল হোসেন। এ সময় একটি বাস তাঁকে চাপা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।বকুল বাড্ডার নতুনবাজার এলাকার ভাটারা মোড়ে থাকতেন। তাঁর বাবার নাম ওসমান গনি।