রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত
রাজধানীর মোহাম্মদপুর, খিলক্ষেত ও রামপুরা এলাকায় আজ রোববার সকালে ও গতকাল শনিবার রাতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই নারীশ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন।রাজধানীর মোহাম্মদপুরে আজ সকালে সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (১৭) নামের একজন শ্রমিক নিহত হয়। অন্যদিকে, গতকাল রাতে রাজধানীর খিলক্ষেত ও রামপুরা এলাকায় পৃথক দুর্ঘটনায় বাসের চাপায় পোশাকশ্রমিক মিনারা বেগম (৩৫) ও গৃহকর্মী নার্গিস বেগম (২৮) নিহত হয়েছেন।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে রাসেলসহ কয়েকজন শ্রমিক মাটিভর্তি ট্রাক নিয়ে মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোড থেকে বেড়িবাঁধের দিকে যাচ্ছিলেন। কনফিডেন্স টাওয়ারের সামনে এলে ট্রাকটি আইল্যান্ডে উঠতে গিয়ে উল্টে যায়। এতে রাসেল ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসআই আফজাল হোসেন জানান, রাসেলের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়বাদ্দা গ্রামে। তার বাবার নাম ওয়ালিউল্লাহ। পাঁচ ভাইবোনের মধ্যে সে ছিল তৃতীয়।রামপুরা থানার এসআই নিজামউদ্দিন জানান, গতকাল রাত নয়টার দিকে রামপুরার ডিআইটি রোডে তুরাগ পরিবহনের একটি বাস মিনারা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন বাসটিকে আটক করে। তবে চালক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে থানায় নিয়ে গেছে। মিনারার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।এসআই নিজামউদ্দিন জানান, মিনারা বেগম পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামীর নাম মোহাম্মদ সেলিম। মিনারা রামপুরার একটি পোশাক-কারখানায় কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়ার উত্তরপুল এলাকায়। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।খিলক্ষেত থানার এসআই মকবুল হোসেন জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে খিলক্ষেতের লোটাস কামাল টাওয়ারের সামনে নার্গিস বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি খিলক্ষেত খাঁ পাড়ায় একটি বাড়ির গৃহকর্মী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগরে।