রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর শ্যামপুর ও মতিঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ বৃহস্পতিবার দুজন নিহত হয়েছেন। শ্যামপুর থানার ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির নাম আল আমীন। তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন।শ্যামপুর থানার উপ পরিদর্শক ইদরিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে মতিঝিলের শাপলা চত্বরে ছয় নম্বর বাসের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল চারটার দিকে তিনি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ খবর জানা গেছে। নিহত ওই ব্যক্তির নাম রমজান আলী। তাঁর বাড়ি গেন্ডারিয়ায়। তিনি টিকিটের জন্য রাজধানীর কমলাপুর স্টেশনে যাচ্ছিলেন বলে জানা গেছে।