রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে আজ শনিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। কাফরুল ও যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কাফরুলে আজ সকালে পিকআপের ধাক্কায় আবদুল খালেক (৫০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হন। এ ঘটনায় চালকসহ পিকআপটি আটক করেছে পুলিশ। কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান জানায়, আজ সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিপরীত পাশের রাস্তা পার হচ্ছিলেন আবদুল খালেক। এ সময় বিপরীত দিক থেকে আসা টাইলস-ভর্তি একটি পিকআপ তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে খালেকের মৃত্যু হয়।এদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ সকালে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় বাসসহ চালক রুবেল হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল আলম জানান, রফিকুল মাটি কাটার কাজ করতেন। গতকাল শুক্রবার সারা রাত ওয়ারি এলাকায় কাজ করে আজ সকাল সাতটার দিকে তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইলে তাঁর বাসার উদ্দেশ রওনা হন। বাসার কাছাকাছি আসার পর গুলিস্তান-ডেমরা রুটে চলাচলকারী একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ বেলা পৌনে তিনটায় তিনি মারা যান।