রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন। বিমানবন্দর গোলচত্বর ও যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আজ সোমবার ভোরে বিদেশগামী এক আত্মীয়কে বিদায় দেওয়ার পর সখিনা বেগম (৬০), শেফালি (২৫) ও অজ্ঞাত এক পুরুষ বিমানবন্দর গোলচত্বরে দাঁড়ান। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সখিনা বেগম ও অজ্ঞাতনামা ওই ব্যক্তি নিহত হন। গুরুতর আহত হন শেফালি। নিহত ওই পুরুষের পরিচয় পাওয়া যায়নি। তবে, তাঁর বয়স ৪০-এর মতো হবে বলে ওসি জানান। এদের তিনজনেরই বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। এদিকে, যাত্রাবাড়ী এলাকায় আজ সকাল সাড়ে আটটার দিকে বাসের ধাক্কায় শাহিন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। জানা গেছে, শাহিন যাত্রাবাড়ীতে তাঁর মামার বাসায় বেড়াতে এসেছিল।