রাজধানীতে পোশাককর্মীদের ভাঙচুর, বিক্ষোভ
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ভবনমালিক ও পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তারের দাবিতে এবং আজ শুক্রবার পোশাক কারখানা খোলা রাখার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাঙচুর ও বিক্ষোভ করেছেন পোশাককর্মীরা।বিভিন্ন সড়কের দুই পাশের কারখানা ও ভবনে ইটপাটকেল ছোড়েন ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন তাঁরা। এ সময় আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর, পল্লবী থেকে ১০ নম্বর, মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বরে, শ্যামলী, গুলশান, রামপুরা, মালিবাগসহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকে। বেলা একটার দিকে আবার যান চলাচল স্বাভাবিক হতে থাকে।মিরপুর: প্রত্যক্ষদর্শীরা জানান, রানা প্লাজার মালিকসহ পোশাক কারখানার দুর্ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবিতে সকাল আটটার পর মিরপুর ১ নম্বর, শেওড়াপাড়া, মিরপুর ১২ নম্বর এলাকার বেশির ভাগ পোশাক কারখানার কর্মীরা রাস্তায় বেরিয়ে আসেন। আজ যেসব কারখানা খোলা রয়েছে, ওই সব কারখানায় ইটপাটকেল ছোড়েন তাঁরা। এতে এসব ভবনের সামনের দিকের কাচ ভেঙে যায়। মিরপুর সাড়ে ১১-এর কালসি রোডে ২২তলা গার্মেন্টসে ইটপাটকেল ছুড়ে তাঁরা সাত-আট তলার কাচ ভাঙচুর করেন। বেলা ১১টার দিকে শ্যামলী-মিরপুর রোডে পোশাককর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।একই সঙ্গে তাঁরা মিরপুর ১০ নম্বর গোলচক্কর ও ১৩ নম্বরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। কারখানা ভেবে কাজীপাড়া বাসস্ট্যান্ডের কাছে এক্সিম ব্যাংকের সামনের অংশ ভাঙচুর করেন তাঁরা।পুলিশের মিরপুর অঞ্চলের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, পোশাক কারখানাগুলো ছুটি ঘোষণার আশ্বাস পাওয়ার পরই বেলা একটার দিকে সড়ক অবরোধ তুলে নেন পোশাককর্মীরা। তিনি বলেন, বিক্ষোভের সময় রানা প্লাজায় আহত শ্রমিকদের পাশে দাঁড়ানোর দাবি জানান পোশাকশ্রমিকেরা। কিন্তু মিরপুরের পোশাক কারখানাগুলো চালু থাকায় তাঁদের পক্ষে সাভার যাওয়া সম্ভব হচ্ছিল না। আলোচনা করে পোশাকশ্রমিকদের আশ্বাস দিলে তাঁরা ফিরে যান।ভাঙচুর ও সড়ক অবরোধের পর আজ দুপুরে মিরপুর এলাকার পোশাক কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে ক্ষুব্ধ শ্রমিকেরা অর্ধশত পোশাক কারখানাসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। এসব হামলা ঠেকাতেই মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।তেজগাঁও: সকাল ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার পোশাককর্মীরা রানা প্লাজার মালিকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমে আসেন। এ সময় খোলা থাকা কয়েকটি পোশাক কারখানায় ইটপাটকেল ছোড়েন তাঁরা। তেজগাঁও অঞ্চলের উপকমিশনার বিপ্লব সরকার জানান, পুলিশ সতর্ক অবস্থায় আছে।রামপুরা: পোশাকশ্রমিক ও ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, ভবন ধসে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে আজ তাঁরা গুলশান ১ নম্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় একটি প্রাইভেট কার তাঁদের চারজন কর্মী ও এক পুলিশ কর্মকর্তাকে চাপা দিয়ে চলে যায়। এতে দুই শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর তাঁরা গুলশান থেকে রামপুরা, মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত রাস্তায় শতাধিক যানবাহন ভাঙচুর করেন। এর মধ্যে বেশির ভাগই ছিল প্রাইভেট কার। এ ঘটনার পর পুলিশ মালিবাগ রেলগেট থেকে রামপুরার দিকের সড়ক বন্ধ করে দেয়। বেলা সোয়া একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রাইভেট কারের চাপায় একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এতে কেউ মারা যায়নি বলে দাবি করেছেন তিনি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহত ব্যক্তিরা হলেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের এবং পোশাকশ্রমিক রুবেল, সুমন ও সাইদুল ইসলাম। আবু তাহেরকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।