রাজধানীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় ৬ নারীকর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার-ঘোষিত মজুরির প্রতিবাদে গত ৩০ জুলাই রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশানসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় ছয়জন নারীকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁদের তেজগাঁও শিল্পাঞ্চল থেকে গ্রেপ্তার করে। রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার মাহবুবুর রহমান জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে শাহনাজ বেগম শানু, আসমা বেগম, পারুল আক্তার, শাহনাজ বেগম, রূপা ও পারভীনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা তেজগাঁওয়ের ফ্লোরেইট ফ্যাশন নামের একটি পোশাক কারখানার কর্মী। এঁদের মধ্যে শানু, আসমা ও পারুল ওই দিন পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। ভিডিও চিত্র দেখে পুলিশ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে। তিনি জানান, গ্রেপ্তার ছয় নারী নিজেদের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কর্মী বলে দাবি করেছে। সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ওই ছয় নারীকর্মীকেও হাজির করা হয়। প্রসঙ্গত, ৩০ জুলাই পোশাকশ্রমিকেরা রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশানসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর করেন। সকাল সাড়ে আটটা থেকে তিন ঘণ্টা ধরে তাঁরা বিক্ষোভের নামে বিপণিবিতান, ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় ২০০ স্থাপনা ও যানবাহন ভাঙচুর করেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় দুই থানায় মোট চারটি মামলা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করে।