রাজধানীতে ফোন-ফ্যাক্স ব্যবসায়ীকে গুলি
রাজধানীর দারুস সালামে দুর্বৃত্তের গুলিতে আবদুল সাত্তার (৪৫) নামের ফোন-ফ্যাক্সের এক ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, গতকাল রাত পৌনে ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সাত্তারের ফোন-ফ্যাক্সের দোকানে ঢোকে। তারা দোকানের কাচের দরজা লাগিয়ে দিয়ে তাদের মোবাইল ফোনে ৫০০ টাকা ফ্লেক্সি করে দিতে বলে। সাত্তার ৫০০ টাকা ফ্লেক্সি করে টাকা চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। উল্টো তারা সাত্তারের কাছে টাকা দাবি করে। সাত্তার এর প্রতিবাদ করলে তারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিত্সাধীন। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।